Bardhaman : তৃণমূল কার্যালয় লাগোয়া ঘরে মহিলাকে দিনের পর দিন নির্যাতন! গ্রেপ্তার তিন তৃণমূল কর্মী! তোলপাড় রাজ্য-রাজনীতি

Published on: September 7, 2025

Join WhatsApp

Join Now

২৪ আওয়ার্স টিভি ডেস্ক : তৃণমূল কংগ্রেসের কার্যালয় লাগোয়া ঘরে দিনের পর দিন এক মহিলাকে শারীরিকভাবে নির্যাতনের অভিযোগে আটক তিন তৃণমূল কর্মী। ধৃতদের নাম আলি দফাদার(৪৩), আজিজুল ওরফে রকি দফাদার(৩৪) ও মাহিরুদ্দিন ওরফে সোনা দফাদার(৪৩)। তিনজনেরই বাড়ি বর্ধমান শহরের রসিকপুর এলাকায়।অভিযোগকারিণীর দাবি, অভিযুক্তরা বারবার তাঁকে শারীরিক নির্যাতনের পাশাপাশি ধর্ষণেরও চেষ্টা করেছে। অত্যাচারের বিরুদ্ধে আর চুপ থাকতে না পেরে তিনি সামাজিক মাধ্যমে প্রকাশ্যে সরব হন। নিজের পোস্টে তিনি করুণ অভিজ্ঞতার কথা জানিয়ে রাজ্য ও দেশের প্রশাসনের কাছে মুক্তির আবেদন জানান। এর দু’দিন আগে তাঁর আরেকটি পোস্টে লেখা ছিল “আমি আজকে সবারই কাছে খারাপ।

জানি না আর কতদিন লড়াই করব ঠাকুর। আমাকে শক্তি দাও”।খোদ বর্ধমান শহরের সম্ভ্রান্ত পাড়ার এক মহিলার এমন আকুতি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই তোলপাড় পড়ে যায়। নড়েচড়ে বসে পুলিশ প্রশাসন। এরপরই অভিযোগের ভিত্তিতে তিন অভিযুক্তকে আটক করে, পরে গ্রেপ্তার করে বর্ধমান থানার পুলিশ। রবিবার ধৃত তিন জনকেই ৭দিনের পুলিশি হেপাজত চেয়ে বর্ধমান আদালতে পেশ করে পুলিশ। যে ধারাগুলি লাগু করা হয় পুলিশের তরফে সেগুলো হলো, ০৬/০৯/২৫u/S১২৭(২)/১১৫(২)/৭৪/৭৫/৭৬/৭০(১)/৬২/১০৯(১)/৬২(২)/৩৫১(৩)। পাশাপাশি নির্যাতিতা মহিলাকে গোপন জবানবন্দির জন্য পেশ করা হয় বর্ধমান আদালতে।এলাকাবাসীদের দাবি, ধৃতরা সকলে তৃণমূলের সক্রিয় কর্মী। তাদেরকে প্রায়ই শাসকদলের নেতাদের সঙ্গে রাজনৈতিক মঞ্চে দেখা যেত।ঘটনার পর থেকেই রাজনৈতিক মহলে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।

বিজেপি নেতৃত্ব এই ঘটনায় সরাসরি তৃণমূলকে কাঠগড়ায় তুলে তীব্র আক্রমণ শানিয়েছে।ঘটনার প্রতিক্রিয়ায় বিজেপি জেলা সম্পাদক দেবজ্যোতি সিংহ রায় তিনি জানান, “বর্ধমান শহরের বুকে রশিকপুর মোড় পার্টি অফিসে যেটা তৃণমূলের পার্টি অফিস সেখানের একটি মেয়ের উপর নির্যাতন করা হয়েছে। বাংলার মেয়ে আমার আপনার বর্ধমান শহরের মেয়ে। মাননীয়ার(রাজ্যের মুখ্যমন্ত্রী) স্লোগান ছিল বাংলা বাংলার মেয়েকে চায় আর বাংলার মেয়েদের উপরেই অত্যাচার! গ্রাম বাংলার দিকে দিকে শাজাহান মডেল, পার্টি অফিসে ডেকে পিঠে বানানো এই সংস্কৃতি বাংলার বুকে। আজকে পশ্চিমবঙ্গ কোন পথে চলেছে? কোন দিকে চলেছে? এক দিকে বাঙালি অস্মিতার কথা বলা হচ্ছে অন্যদিকে বাংলার মানুষদের উপর অত্যাচার করা হচ্ছে। তৃণমূলের পার্টি অফিসের লাগোয়া একটি ঘরে নারী নির্যাতনের মত ন্যাক্কারজনক ঘটনা ঘটছে। ঘটনায় গ্রেপ্তার হয়েছে তারা তৃণমূলেরই লোক”।ঘটনায় তৃণমূলের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায় নি।