weather update : কেমন থাকবে মহাষষ্ঠীর আবহাওয়া ? সপ্তমী থেকে বিজয়া দশমীতে কলকাতায় ফের বৃষ্টিপাতের সম্ভাবনা

Published on: September 28, 2025

Join WhatsApp

Join Now

২৪ আওয়ার্স টিভি ডেস্ক : আজ মহাষষ্ঠী। মহালয়ার ঢাকের আওয়াজের পর থেকেই উৎসবের আমেজে মেতেছে আপামর বাঙালি। গোটা শহরজুড়ে এখন শুধুই সাজসজ্জার ঝলক, আলোয় মোড়া রাস্তাঘাট আর প্রতিমা দর্শনের তোড়জোড়। পাঁচ দিনের দুর্গোৎসবকে ঘিরে আনন্দ উপভোগে যেন প্রস্তুত প্রত্যেকেই। কিন্তু আবহাওয়ার অনিশ্চয়তা এখনও চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে ভক্তদের কাছে।চতুর্থী ও পঞ্চমীতে তুলনামূলকভাবে আবহাওয়া ছিল অনেকটাই শুকনো। ফলে প্যান্ডেল থেকে প্যান্ডেলে দর্শনার্থীদের ভিড়ে কার্যত রেকর্ড তৈরি করেছে কলকাতা ও শহরতলির নামী পুজোগুলি। রাস্তা-ঘাটে দেখা গেছে মানুষের ঢল, ভিড় সামলাতে হিমশিম খেতে হয়েছে ট্রাফিক পুলিশকেও।কিন্তু, উৎসবের মাঝেই নতুন দুশ্চিন্তার ইঙ্গিত দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

তাদের পূর্বাভাস অনুযায়ী, সপ্তমী থেকে ফের সক্রিয় হতে পারে নিম্নচাপ। এর প্রভাবে পুজোর মাঝপথেই দক্ষিণবঙ্গ, বিশেষত কলকাতা ও আশপাশের জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ফলে সপ্তমী, অষ্টমী ও নবমীর দিন প্যান্ডেল হপিংয়ে কিছুটা ভাটা পড়তে পারে বলে আশঙ্কা আবহাওয়াবিদদের । বিজয়া দশমীতেও ছিটেফোঁটা বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।তবে, ষষ্ঠীর দিন বৃষ্টির সম্ভাবনা তুলনামূলকভাবে কম। ফলে আজ দিনভর আকাশ আংশিক মেঘলা থাকলেও, ভিড়ের মাঝে পুজো উপভোগের সুযোগ পাবেন দর্শনার্থীরা।আবহাওয়া দফতরের পরামর্শ, উৎসবের আনন্দে ভাটা না ফেলতে আবহাওয়ার খোঁজখবর রাখুন। সঙ্গে রাখুন ছাতা বা রেইনকোট। কারণ পুজোর আনন্দ মিস করতে চাইবে না কেউই।