২৪ আওয়ার্স টিভি ডেস্ক : বসিরহাট মহকুমার হিঙ্গলগঞ্জ ব্লকের কালীবাড়ি থেকে সুসংহত শিশু বিকাশ অধিকরণ দপ্তর পর্যন্ত বিক্ষোভ মিছিল করলেন ICDS কর্মীরা। এদিন কালো দিবসও পালন করেন তারা।কর্মীদের অভিযোগ, পোশন অ্যাপ চালু করার জন্য কেন্দ্র সরকার ২০২১ সালে রাজ্যকে টাকা দিলেও সেই টাকা এখনো তাদের হাতে পৌঁছায়নি। দুইবার কাজ সম্পূর্ণ করেও তারা কোনো অর্থ পাননি। ফোন কেনার জন্য কেন্দ্র থেকে যে অর্থ বরাদ্দ হয়েছিল তাও আটকে আছে।
তাদের দাবি, পোশন অ্যাপের মাধ্যমে শিশুদের খাবারের যোগ্যতা নির্ধারণ ও বিতরণের তথ্য দিতে হয়। অথচ পর্যাপ্ত অর্থ ও সহযোগিতা না পাওয়ায় কাজ করতে গিয়ে সমস্যায় পড়তে হচ্ছে। অনেক দিদিমণি বকেয়া টাকা না পাওয়ায় চরম আর্থিক সঙ্কটে ভুগছেন, এমনকি প্রাণহানির ঘটনাও ঘটেছে বলে অভিযোগ।প্রায় ৫০ বছর ধরে এই কাজে যুক্ত থেকেও কর্মীদের আক্ষেপ— এখনো তাদের বেতন বৃদ্ধি হয়নি, স্থায়ী নিয়োগের দাবিও পূরণ হয়নি। তাদের হুঁশিয়ারি, অবিলম্বে বকেয়া টাকা ও প্রাপ্য সুবিধা না মিললে তারা আরও বৃহত্তর আন্দোলনে নামবেন।
