SPORTS: ম্যাচ শেষেও তুঙ্গে জল্পনা, হাত না মেলানোর নির্দেশ গম্ভীরের!

Published on: September 15, 2025

Join WhatsApp

Join Now

২৪ আওয়ার্স টিভি ডেস্কঃ ভারত-পাকিস্তান ম্যাচ শেষ হলেও হ্যান্ডশেক বিতর্কে সরগরম ক্রিকেট মহল। ম্যাচের ফলাফলের চেয়েও বেশি আলোচনায় উঠে এসেছে এই ঘটনা। টসের সময় পাকিস্তান অধিনায়ক সলমন আলি আঘার সঙ্গে হাত মেলাননি সূর্যকুমার যাদব। ম্যাচ শেষে পাকিস্তানি খেলোয়াড়রা অপেক্ষা করলেও ভারতীয় ক্রিকেটাররা করমর্দন থেকে বিরত থাকেন। জয় নিশ্চিত করা ছক্কার পর সরাসরি ড্রেসিংরুমে ঢুকে যান সূর্যকুমার ও শিবম দুবে।
সাংবাদিক বৈঠকে সূর্য জানান, মাঠে নামার আগেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তবে সাম্প্রতিক রিপোর্ট ঘিরে জল্পনা আরও বেড়েছে। শোনা যাচ্ছে, এই সিদ্ধান্তের নেপথ্যে ছিলেন ভারতের হেড কোচ গৌতম গম্ভীর।
রিপোর্টে দাবি, ম্যাচ শেষে সৌজন্য বিনিময়ের জন্য পাকিস্তানি ক্রিকেটাররা ভারতের ড্রেসিংরুমে গেলে তাঁদের সামনে দরজা বন্ধ করে দেওয়া হয়। এক স্পোর্টস প্রতিবেদনে উল্লেখ করা হয়, গম্ভীর খেলোয়াড়দের উদ্দেশে বলেছিলেন—
‘সোশ্যাল মিডিয়ার প্রভাব এড়িয়ে চল। চারিদিকের কথায় কান দিও না। তোমাদের আসল দায়িত্ব ভারতের হয়ে খেলা। পহেলগামে যা ঘটেছে, তা ভুলে যেও না। হাত মেলানো বা সৌজন্য দেখানোর দরকার নেই। মাঠে নামো, সর্বোচ্চ দাও এবং ভারতকে জয় উপহার দাও।’
ম্যাচ শেষে সূর্যকুমার এই জয় উৎসর্গ করেন ভারতীয় সেনাবাহিনীকে। পহেলগাম হামলায় নিহতদের পরিবারের পাশে থাকার বার্তাও দেন তিনি। একই সুরে কোচ গৌতম গম্ভীরও জানান, এই জয় তাঁদের জন্যই গুরুত্বপূর্ণ, কারণ এর মাধ্যমে নিহত ও তাঁদের পরিবারের প্রতি শ্রদ্ধা জানানো সম্ভব হয়েছে।