২৪ আওয়ার্স টিভি ডেস্ক : ৮১তম বছরে পদার্পণ করল কালীঘাটের মিলন সংঘ। স্বাধীনতার আগে গঠিত হওয়া এই সংগঠন বহু বছর ধরেই অন্যতম সামাজিক সংগঠন হিসেবে খ্যাত। শুক্রবার এই উপলক্ষে একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এই বিশেষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি অজিত ব্যানার্জী, সম্পাদক কার্তিক ব্যানার্জী-সহ শহরের একাধিক বিশিষ্ট ব্যক্তিত্ব। অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল ক্লাবের ফুটবল খেলোয়াড়দের সম্মাননা প্রদান।সংঘের সভাপতি অজিত ব্যানার্জি-র হাত থেকে ক্লাবের প্রত্যেক খেলোয়াড়দের হাতে তুলে দেওয়া হয় সম্মানসূচক মোমেন্টো।
শুধু খেলোয়াড়দেরই নয়, অনুষ্ঠানে আগত বিশেষ অতিথিদেরও সম্বর্ধনা জানানো হয়। পুরো অনুষ্ঠান জুড়ে ছিল সাংস্কৃতিক পরিবেশনা, বক্তব্য ও কালীঘাট মিলন সংঘের দীর্ঘ পথচলার স্মৃতিচারণা।
