২৪ আওয়ার্স টিভি ডেস্ক: ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (SIR) নিয়ে ফের নতুন মামলা দায়ের হলো কলকাতা হাইকোর্টে। এ বার আদালতের দ্বারস্থ হয়েছে একটি স্বেচ্ছাসেবী সংস্থা। তাদের আইনজীবীর দাবি, সংশোধিত নাগরিকত্ব আইন (CAA)-এর আওতায় যাঁরা নাগরিকত্বের জন্য আবেদন করেছেন এবং যাঁদের হাতে আবেদন জমা দেওয়ার রসিদ রয়েছে, সেই রসিদকে SIR-এর সময় বৈধ নথি হিসেবে গ্রহণ করা উচিত।
Read More-SIR in West Bengal: SIR এর বলি শেওড়াফুলির এক যৌ*ন*ক*র্মী!
আইনজীবীর বক্তব্য, অনেক মানুষ ইতিমধ্যেই CAA অনুসারে নাগরিকত্বের জন্য আবেদন করেছেন। কিন্তু তাঁদের আবেদনের রসিদ যদি SIR প্রক্রিয়ায় নথি হিসেবে গ্রহণ না করা হয়, তা হলে ভবিষ্যতে তাঁরা নাগরিকত্ব প্রমাণে সমস্যায় পড়তে পারেন। এই বিষয়টি উল্লেখ করে তিনি ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পালের ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করেন। মামলাটির শুনানি আগামী সোমবার হতে পারে বলে জানা গিয়েছে।
উল্লেখ্য, সম্প্রতি একই ডিভিশন বেঞ্চে SIR নিয়ে অন্য এক জনস্বার্থ মামলার শুনানি হয়েছিল। সেখানে ২০০২ সালের ভোটার তালিকার ভিত্তিতে SIR কেন পরিচালিত হচ্ছে, সে বিষয়ে নির্বাচন কমিশনকে হলফনামা জমা দিতে নির্দেশ দিয়েছে আদালত। SIR নিয়ে যখন রাজ্যজুড়ে বিতর্ক-তোলপাড়, ঠিক সেই সময়েই CAA-র আবেদনকারীদের নথি স্বীকৃতি দেওয়া নিয়ে নতুন মামলা আরও চাঞ্চল্য সৃষ্টি করেছে।
