২৪ আওয়ার্স টিভি ডেস্ক: গভীর রাতে গুলির শব্দে কেঁপে উঠল ব্যারাকপুরের লাটবাগান। শনিবার রাতের ওই ঘটনায় মুহূর্তে আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। সৌভাগ্যবশত হতাহতের কোনো খবর নেই। পুলিশ সূত্রে খবর, বি এন বোস হাসপাতালের সামনে দাঁড়িয়ে থাকা একটি গাড়ি থেকে আচমকাই পরপর তিন রাউন্ড গুলি চালানো হয়। টহলরত পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছোয়। সেখান থেকে উদ্ধার হয় দুটি বুলেট।
ঘটনার তদন্তে নেমে টিটাগড় থানার পুলিশ ইতিমধ্যেই তিনজনকে গ্রেফতার করেছে। ধৃতরা হল—আইনের ছাত্র আরমান আনসারি, তার সহযোগী মোহাম্মদ সওয়ান আনসারি এবং বিশ্বজিৎ তিওয়ারি। পুলিশি হেফাজতে নিয়ে তাদের জেরা চলছে।স্থানীয়দের অভিযোগ, হাসপাতালের সামনে এভাবে শুটআউট হওয়া অত্যন্ত ভয়ানক। চিকিৎসার জন্য যাতায়াতকারী রোগী ও পরিবারের সদস্যরা আতঙ্কে রয়েছেন। নিরাপত্তা সংস্থাও এ নিয়ে চিন্তিত।
পুলিশের অনুমান, ব্যক্তিগত দ্বন্দ্ব বা গ্যাং-সংক্রান্ত বিরোধ থেকেই শুটআউট হতে পারে। যদিও সঠিক উদ্দেশ্য এখনও পরিষ্কার নয়। ধৃতদের জিজ্ঞাসাবাদের পরেই প্রকৃত চিত্র উঠে আসবে বলে মনে করছে তদন্তকারী আধিকারিকরা।
