HYDRABAD: নৃশংস খুনের ঘটনায় কুকাতপল্লি এলাকায় চাঞ্চল্য

Published on: September 11, 2025

Join WhatsApp

Join Now

২৪ আওয়ার্স টিভি ডেস্ক: হায়দরাবাদের কুকাতপল্লির একটি বহুতল আবাসনে নৃশংস খুনের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। বুধবার ফ্ল্যাটের ভিতর থেকে উদ্ধার হয় ৫০ বছরের রেনু আগরওয়াল নামে এক মহিলার রক্তাক্ত দেহ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রথমে তাঁর হাত-পা বেঁধে নির্যাতন করা হয়। তারপর প্রেসার কুকার দিয়ে মাথায় আঘাত ও ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে খুন করা হয় রেণুকে। খুনের পরে অভিযুক্তরা নগদ টাকা ও সোনার গয়না লুঠ করে। এমনকি ঘটনাস্থল ছাড়ার আগে বাড়িতেই স্নান করে পোশাক বদলায় তারা, এমনটাই অভিযোগ করা হয়েছে।

ঘটনার সময় রেনুর স্বামী ও ছেলে বাইরে ছিলেন। বিকেল পাঁচটার দিকে ফোনে বারবার যোগাযোগ কোরার চেষ্টা করলেও ফোন না ওঠানোয়, তাঁরা বাড়ি ফিরে দরজা ভাঙেন এবং ভিতরে ঢুকে রক্তাক্ত অবস্থায় রেনুর দেহ দেখতে পান। সঙ্গে সঙ্গে পুলিশে খবর দেওয়া হয়।

তদন্তে জানা গিয়েছে, ঘটনায় জড়িত দুই গৃহকর্মী—হর্ষ এবং রোশন। হর্ষ ঝাড়খণ্ডের বাসিন্দা এবং একটি এজেন্সির মাধ্যমে আগরওয়াল পরিবারের কাজে নিযুক্ত ছিলেন। রোশন কাজ করতেন পাশের ১৪ তলার ফ্ল্যাটে। সিসিটিভি ফুটেজে বিকেল ৫টা ২ মিনিট নাগাদ তাঁদের আবাসন থেকে বের হতে দেখা গিয়েছে। পুলিশ আধিকারিকরা অনুমান করছেন, লুঠই ছিল এই খুনের মূল উদ্দেশ্য। অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু করেছে কুকাতপল্লি থানার পুলিশ। রেনুর দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে হাসপাতালে।