রাজ্যে শুরু সিমেস্টার ভিত্তিক উচ্চমাধ্যমিক পরীক্ষা, কড়া নিরাপত্তা ব্যবস্থা

Published on: September 8, 2025

Join WhatsApp

Join Now

রাজ্যে এই প্রথমবার সেপ্টেম্বর মাসে উচ্চমাধ্যমিক পরীক্ষা শুরু হলো। সোমবার অর্থাৎ আজই প্রথম সিমেস্টারের পরীক্ষা শুরু হচ্ছে। মধ্যশিক্ষা পর্ষদ জানিয়েছে, এইবার প্রথম সিমেস্টারে পরীক্ষার্থী হিসেবে অংশ নিচ্ছেন প্রায় ৬ লাখ ৬০ হাজার ছাত্রছাত্রী। উল্লেখযোগ্য, গতবার এই সংখ্যা ছিল ৫ লাখ ৯ হাজার, অর্থাৎ পরীক্ষার্থীর সংখ্যা বেড়েছে দেড় লক্ষেরও বেশি।

পর্ষদ জানিয়েছে, পরীক্ষার্থীদের সকাল ৯টার মধ্যে নির্দিষ্ট পরীক্ষা কেন্দ্রে পৌঁছাতে হবে, পরীক্ষা শুরু হবে সকাল ১০টা এবং চলবে ১১টা ১৫ মিনিট পর্যন্ত। সারা রাজ্যে মোট ২,১০৬টি পরীক্ষা কেন্দ্র বাছাই করা হয়েছে, যার মধ্যে ১২২টি কেন্দ্রকে স্পর্শকাতর হিসেবে চিহ্নিত করা হয়েছে। গতবার স্পর্শকাতর কেন্দ্রের সংখ্যা ছিল ১৩৬।

নিরাপত্তার কড়া ব্যবস্থাঃ
প্রতিটি কেন্দ্রে বসানো হয়েছে সিসিটিভি ক্যামেরা। পরীক্ষা চলাকালীন কেন্দ্রের মূলদ্বার থেকে পরীক্ষার হলে সব জায়গায় কড়া নজরদারি থাকবে। পরীক্ষার হলে কোনও ধরনের বৈদ্যুতিক যন্ত্র, যেমন ক্যালকুলেটর, মোবাইল ফোন প্রবেশে নিষিদ্ধ। এছাড়াও থাকবে মেটাল ডিটেক্টর।

এইবার উচ্চমাধ্যমিক পরীক্ষা সম্পূর্ণ OMR শিটে হবে এবং প্রশ্নগুলো MCQ ভিত্তিক। পরীক্ষার স্বচ্ছতা বজায় রাখতে, ফল প্রকাশের ৭২ ঘণ্টার মধ্যে পরীক্ষার্থীরা নিজেদের OMR দেখতে পারবেন।

প্রসঙ্গত, জাতীয় শিক্ষানীতির নির্দেশ অনুযায়ী একাদশ ও দ্বাদশ শ্রেণির পাঠ্যক্রমকে চারটি সিমেস্টারে ভাগ করা হয়েছে। যা এই বছর থেকে শুরু হয়েছে। ফলে, মাধ্যমিক পাশ করার পর বার্ষিক পরীক্ষা না দিয়েই পড়ুয়ারা ইতিমধ্যেই সিমেস্টার ভিত্তিক পরীক্ষার সঙ্গে পরিচিত হচ্ছেন। সোমবারের পরীক্ষা একাদশ-দ্বাদশ শ্রেণির নিরিখে তৃতীয় সিমেস্টার এবং দ্বাদশের জন্য প্রথম সিমেস্টার হিসেবে গণ্য হবে। দ্বিতীয় সিমেস্টার আগামী বছর অনুষ্ঠিত হবে।