First AC Local : যাত্রী নিয়ে রওনা দিল শিয়ালদহ-রানাঘাট এসি লোকাল, প্রথম দিনে ভিড় ছিল চোখে পড়ার মতো

Published on: August 11, 2025

Join WhatsApp

Join Now

২৪ আওয়ার্স টিভি ডেস্ক : আজ সোমবার থেকে বাণিজ্যিকভাবে চালু হলো শিয়ালদা-রানাঘাট এসি লোকাল ট্রেন। সকাল ঠিক ৮টা ২৯মিনিটে ছাড়ল শিয়ালদহ শাখার প্রথম এসি লোকাল ট্রেন। রানাঘাট স্টেশন থেকে যাত্রাপথ শুরু হল এসি লোকাল ট্রেনের। শিয়ালদহে পৌঁছোবে সকাল ১০টা ১০ মিনিটে। আর শিয়ালদহ থেকে সন্ধে ৬টা ৫০ মিনিটে ট্রেন ছেড়ে রানাঘাট পৌছোবে ৮টা ৩২ মিনিটে। ট্রেনে রয়েছে ১২টি কামরা। প্রথম দিনের যাত্রাপথে যাত্রীদের মধ্যে উৎসাহ ও উন্মাদনা ছিল যথেষ্ট। পূর্ব ভারতের প্রথম এসি লোকাল হিসাবে যাত্রা শুরু হল শিয়ালদহ-রানাঘাটের মধ্যে

ইতিমধ্যেই ভাড়ার তালিকা এবং সময়সূচী ঘোষণা করেছে পূর্ব রেল। রেলের তরফে জানানো হয়েছে, এই এসি লোকাল যাতায়াতের পথে দাঁড়াবে চাকদহ, কল‌্যানী, কাঁচড়াপাড়া, নৈহাটি, বারাকপুর, খড়দহ, সোদপুর, দমদম এবং বিধাননগরে। শিয়ালদহ-দমদম ৩৫টাকা, বাররাকপুর ৬০ টাকা, নৈহাটি ৯০ এবং রানাঘাট ১২০ টাকা। মাসিক টিকিট শিয়ালদহ-দমদম ৬২০ টাকা, বারাকপুর ১২৭৫, নৈহাটি ১৮১০ এবং রানাঘাট ২৪৩০ টাকা।

এই ট্রেনেও থাকছে সামনে পিছনে দু’টি লেডিজ কামরা। বিনা টিকিটের যাত্রী ধরতে অবশ‌্য প্রচুর সংখ‌্যক টিকিট পরীক্ষক থাকবে এসি লোকালে। অনলাইনে এবং কাউন্টার থেকে এই টিকিট পাওয়া যাবে। মেট্রোর মতোই এক কামরা থেকে অন‌্য কামরায় যেতে পারবেন যাত্রীরা। এছাড়াও থাকছে অন‌্যান‌্য সুবিধা। ট্রেনটিতে মোট আসন সংখ্যা রয়েছে ১১২৬টি, প্রতিটি কোচে তিন জনের স্টেইনলেস স্টিল সিট রয়েছে। এছাড়াও কোচে থাকছে সিসিটিভি, জিপিএস নির্ভর এলইডি ডিসপ্লে, অ্যানাউন্সমেন্ট ও টকব্যাক সিস্টেম।

ট্রেনটি স্টেশনে পৌঁছনোর পর দরজা খুলবে ও ছাড়ার আগে বন্ধ হবে, পুরোটাই চালক/গার্ডের নিয়ন্ত্রণে থাকবে। আরও একটি এসি ট্রেন ইতিমধ্যেই এসে গিয়েছে। তবে কোন রুটে সেটি চলাচল করবে তা এখনও ঠিক হয়নি।

তবে যাত্রীদের প্রশ্ন, বিনা টিকিটে বা সাধারণ ট্রেনের টিকিট কেটে এই লোকালে চড়তে গিয়ে কেউ যদি ধরা পড়েন, সেক্ষেত্রে তাঁর জরিমানা কত হবে? রেলের তরফে জানানো হয়েছে, এসি লোকালেও সাধারণ ট্রেনের মতোই বিনা টিকিটে ২৫০ টাকা জরিমানা সঙ্গে ন্যূনতম ভাড়া দিতে হবে। শিয়ালদহ থেকে দমদম ন্যূনতম ভাড়া ৩৫ টাকা। অর্থাৎ ওই যাত্রীকে ২৮৫ টাকা দিতে হবে।