২৪ আওয়ার্স টিভি ডেস্ক :রাজ্যের মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচিকে ঘিরে বৃহস্পতিবার ইন্দাস ব্লকের ফতেপুর ও তেতুলমুড়ি বুথে আয়োজিত ক্যাম্পে ঘটে গেল এক অন্য রকম দৃশ্য। ক্যাম্পে উপস্থিত ছিলেন রাজ্যের মৎস্যমন্ত্রী বিপ্লব রায় চৌধুরী। আর সেই ক্যাম্পেই মন্ত্রীর সামনে উঠে এল এক স্কুলছাত্রের আবেদন।তেতুলমুড়ি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির এক ছাত্র মাইক হাতে নিয়ে মন্ত্রীকে সরাসরি জানায়, আমাদের স্কুলে দীর্ঘদিন ধরে মিড ডে মিলের কোনো শেড নেই। আমরা চাই আমাদের স্কুলে মিড ডে মিলের শেড তৈরি করা হোক।
এই সরল দাবিই মুহূর্তে মন্ত্রীর ও উপস্থিত প্রশাসনিক আধিকারিকদের নজর কেড়ে নেয়।মন্ত্রী বিপ্লব রায় চৌধুরী ছাত্রের দাবি শুনে আশ্বাস দেন, এই সমস্যার দ্রুত সমাধান করা হবে, মিড ডে মিলের শেড তৈরি হবে।মন্ত্রীর এই প্রতিশ্রুতি পেয়ে খুশি ছাত্র সহ স্কুলের শিক্ষক,শিক্ষিকা ও স্থানীয় মানুষজন।ক্যাম্পে উপস্থিত ছিলেন বিষ্ণুপুরের এসডিও প্রসেনজিৎ ঘোষ, ইন্দাস পঞ্চায়েত সমিতির সভাপতি চন্দন রক্ষিত, জেলা পরিষদের দুই কর্মাধ্যক্ষ হবিবুর রহমান ও সুজাতা মন্ডল, বিশিষ্ট সমাজসেবী শেখ হামিদ, স্থানীয় প্রধান,উপপ্রধানসহ একাধিক পঞ্চায়েত সদস্য এবং প্রশাসনিক আধিকারিকরা। মন্ত্রীকে ঐতিহ্যবাহী আদিবাসী নৃত্য ও ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।
ইন্দাস পঞ্চায়েত সমিতির সভাপতি চন্দন রক্ষিত সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, “আজকের এই ঘটনা একটি দৃষ্টান্ত। মুখ্যমন্ত্রী যে প্রকল্প চালু করেছেন, তার মাধ্যমে সাধারণ মানুষই নয়, স্কুলছাত্রছাত্রীরাও সরাসরি নিজেদের দাবি জানাতে পারছে। ছাত্রের দাবিটিকে আমরা প্রাধান্য দিয়ে নোট করেছি এবং খুব দ্রুতই তা বাস্তবায়িত করার চেষ্টা করব। এই ঘটনাই প্রমাণ করল আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পের আসল উদ্দেশ্য,সরকার ও মানুষের মধ্যে সরাসরি সংযোগ তৈরি করা।শেষমেষ মন্ত্রীও স্বীকার করে নিলেন, এটি একটি সুসংগঠিত ক্যাম্প, মানুষের সাড়া অভূতপূর্ব।
