Chandranath Sinha : প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত কারামন্ত্রী , আত্মসমর্পনের পর জামিন

Published on: September 6, 2025

Join WhatsApp

Join Now

২৪ আওয়ার্স টিভি ডেস্ক : প্রাথমিকে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় রাজ্যের কারামন্ত্রী তথা বোলপুরের বিধায়ক চন্দ্রনাথ সিনহাকে একাধিকবার তলব করেছিল ইডি। তবে বেশ কয়েকবার সেই তলব এড়িয়ে গিয়েছিলেন তিনি। গত মাসে আচমকাই হাজিরা দেন ইডি দফতরে। কিন্তু তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল কি না, তা নিয়ে সংশয় থেকেই যায়। অবশেষে শনিবার ইডি আদালতে আত্মসমর্পণ করলেন রাজ্যের কারামন্ত্রী। আদালতে আত্মসমর্পণের পর জামিনের আবেদন করেন তিনি। ১০ হাজার টাকার ব্যক্তিগত বন্ডে শর্তসাপেক্ষে তাঁকে জামিন দেয় আদালত। শর্ত অনুযায়ী, মামলার পরবর্তী শুনানির আগে কলকাতা ও বোলপুরের বাইরে যেতে পারবেন না চন্দ্রনাথ সিনহা।ইডি সূত্রে খবর, তদন্তের সময় প্রাক্তন তৃণমূল যুবনেতা কুন্তল ঘোষের বাড়ি থেকে চাকরিপ্রার্থীদের একটি তালিকা উদ্ধার হয়। প্রায় ১০০ জন চাকরিপ্রার্থীর নাম পাওয়া যায় সেই তালিকায়। ইডির জেরায় কুন্তল দাবি করেন, ওই তালিকা পাঠিয়েছিলেন চন্দ্রনাথ সিনহা।

শুধু তাই নয়, রাজ্যের কারামন্ত্রীর বাড়ি তল্লাশি চালিয়ে নগদ ৪১ লক্ষ টাকা উদ্ধার করেছিল ইডি। এই মামলায় ইতিমধ্যেই তাঁর বিরুদ্ধে চার্জশিটও জমা পড়েছে। আদালতে শুনানির সময় ইডির আইনজীবী ধীরাজ দ্বিবেদী দাবি করেন, “আমরা হেফাজতে চেয়ে আবেদন করেছি। ৭ দিনের জন্য হেফাজতে নিতে চেয়েছিলাম।” যদিও শেষ পর্যন্ত শর্তসাপেক্ষে জামিন দেন আদালত। আগামী ১৬ সেপ্টেম্বর মামলার পরবর্তী শুনানি হবে।চন্দ্রনাথের জামিন প্রসঙ্গে বীরভূমের দোর্দণ্ডপ্রতাপ তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল বলেন, “উনি জামিন পেয়েছেন, এটা তো ভাল জিনিস।” ইডি আদালতে যে অভিযোগ করেছে, চন্দ্রনাথ সাক্ষীদের প্রভাবিত করছেন, সেই প্রশ্নে অনুব্রতের বক্তব্য, “ইডি কী বলছে সেটা তাদের ব্যাপার। সেটা ইডিকে জিজ্ঞাসা করুন।”অন্যদিকে, রাজ্যের এক করমন্ত্রীর আত্মসমর্পণ এবং জামিন পাওয়া নিয়ে কটাক্ষ শানিয়েছে বিজেপি।

বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায় বলেন, “রাজ্যের তিনি ক্যাবিনেট মন্ত্রী। ঘটনাচক্রে কারামন্ত্রী। একজন কারামন্ত্রীকে যদি অভিযুক্ত হিসেবে আদালতে আত্মসমর্পণ করতে হয়, সেটা বাংলার জন্য গৌরবের নয়, বরং লজ্জার বিষয়। চাকরির দোকান জেলায় জেলায় খোলা হয়েছিল, ইডির চার্জশিট সেই প্রমাণই দিচ্ছে।”তৃণমূলের একাংশকে কটাক্ষ করে বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ বলেন, “তৃণমূলে এখন তিন ধরনের নেতা রয়েছেন। এক ধরনের নেতা জেলে রয়েছেন, এক ধরনের নেতা বেলে (জামিনে) রয়েছেন, আর এক ধরনের নেতা জেলে যাওয়ার জন্য তৈরি রয়েছেন।”এই আবহেই চন্দ্রনাথ সিনহার আত্মসমর্পণ ও জামিন ঘিরে ফের রাজনৈতিক মহলে উত্তাপ ছড়িয়েছে।