২৪ আওয়ার্স টিভি ডেস্ক :বুধবার লোকসভায় ১৩০ তম সংবিধান সংশোধনী বিল পেশ করতে চলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৷ এই সংশোধনীর মাধ্যমেই ২৩৯এ(এ) অনুচ্ছেদের মধ্যে ৫এ ধারা যুক্ত করা হবে ৷ এই সংশোধনী আইনে পরিণত হলে গুরুতর অভিযোগে গ্রেফতার হয়ে তিরিশ দিন জেলে বা তদন্তকারী সংস্থার হেফাজতে থাকলে পদ হারাবেন প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রীরা। কেন্দ্রীয় বা রাজ্য সরকারের মন্ত্রী অপসারণের পথ প্রশস্ত করতে বুধবারই লোকসভায় নতুন বিল পেশ কেন্দ্রীয় সরকারের। জম্মু কাশ্মীর সহ কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মুখ্যমন্ত্রীরাও এই নতুন আইনের আওতায় আসবেন ৷
দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীওয়াল আবগারি দুর্নীতির মামলায় গ্রেফতার হওয়ার পরেও দীর্ঘ প্রায় ৬ মাস মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেননি৷ কিন্তু কেন্দ্রীয় সরকারের এই প্রস্তাবিত সংশোধনী আইনে পরিণত হলে গ্রেফতার হওয়ার পর একমাস জেলে থাকলেই পদ ছাড়তে বাধ্য হবেন প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী বা মন্ত্রীরা। এই বিলটির সঙ্গেই বুধবার আরও দুটি বিল লোকসভায় পেশ করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৷ সেগুলি হল কেন্দ্রশাসিত অঞ্চল প্রশাসনিক সংশোধনী বিল এবং জম্মু কাশ্মীর পুনর্গঠন বিল, ২০২৫৷
