Jhargram : আন্ধারী প্রাথমিক বিদ্যালয়ে তালা, বিপদজনক ভবনের বিরুদ্ধে অভিভাবক-গ্রামবাসীদের প্রতিবাদ

Published on: August 18, 2025

Join WhatsApp

Join Now

২৪ আওয়ার্স টিভি ডেস্ক :সোমবার ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লকের রোহিনী গ্রাম পঞ্চায়েতের আন্ধারী গ্রামে বড়সড় চাঞ্চল্য ছড়াল। আন্ধারী প্রাথমিক বিদ্যালয়ের বেহাল অবস্থা নিয়ে ক্ষোভে ফেটে পড়লেন অভিভাবক ও গ্রামবাসীরা। অভিযোগ, দীর্ঘদিন ধরে স্কুল ভবনের অবস্থা বিপদজনক হলেও প্রশাসনের তরফে কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। ফলে এদিন ক্ষুব্ধ অভিভাবক এবং গ্রামবাসীরা বিদ্যালয়ের মূল গেটে তালা ঝুলিয়ে দেন। অভিভাবক ও গ্রামবাসীদের অভিযোগ, ২০১৬ সাল থেকে বিদ্যালয়টির অবস্থা ভগ্নদশায়। দেওয়ালে বড় বড় ফাটল, ক্লাসরুমে নেই দরজা। ছাদ ও দেওয়াল থেকে খসে পড়ছে কংক্রিটের চাঙড়। বেরিয়ে পড়েছে মরচে ধরা লোহার রড। বর্ষার জলে ছাদ ও দেওয়াল জুড়ে তৈরি হয়েছে ছোপ ছোপ দাগ। ফলে আতঙ্কে দিন কাটছে ছাত্রছাত্রী ও শিক্ষক-শিক্ষিকাদের। ক্ষুব্ধ অভিভাবকরা জানিয়েছেন, একাধিকবার বিভিন্ন প্রশাসনিক দপ্তরে অভিযোগ জানিয়েও কোনও লাভ হয়নি। তবু এখন পর্যন্ত নতুন ভবন নির্মাণ বা সংস্কারের কাজ শুরু হয়নি।বিদ্যালয় সূত্রে জানা গেছে, বর্তমানে পড়ুয়াদের সুরক্ষার স্বার্থে পাশের আন্ধারী জুনিয়র হাইস্কুলের বারান্দায় ক্লাস চলছে। তবে সেখানেও পড়াশোনায় নানা সমস্যা দেখা দিচ্ছে। অভিভাবক ও গ্রামবাসীদের দাবি, দ্রুত বিদ্যালয়ের সংস্কার বা নতুন ভবন নির্মাণ করতে হবে, নইলে পড়ুয়াদের ভবিষ্যৎ অন্ধকারে তলিয়ে যাবে। পরে প্রশাসনের আশ্বাসে তালা খুলে দেওয়া হয়।