২৪ আওয়ার্স টিভি ডেস্কঃ দাবি পূরণ না হলে সংযুক্ত আরব আমিরশাহীর (ইউএই) বিরুদ্ধে ম্যাচ বয়কটের হুঁশিয়ারি দিয়েছে পাকিস্তান। তবে এমনটা করলে বড় ক্ষতির মুখে পড়বেন সলমন আলি আঘারা। নিয়ম অনুযায়ী, কোনও দল মাঠে না নামলে পুরো পয়েন্ট প্রতিপক্ষের ঝুলিতে যায়। ফলে এশিয়া কাপের গ্রুপ পর্ব থেকেই ছিটকে যাওয়ার আশঙ্কা পাকিস্তানের সামনে।
ঘটনার সূত্রপাত রবিবার। ম্যাচ শেষে পাকিস্তানের খেলোয়াড়দের সঙ্গে হাত মেলাননি ভারতের সূর্যকুমার যাদবরা। এই ঘটনাকে কেন্দ্র করে ক্ষুব্ধ পাকিস্তান অভিযোগ তোলে ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটের বিরুদ্ধে। পিসিবির দাবি, পাইক্রফট নাকি পাক অধিনায়ক সলমন আলি আঘাকে নির্দেশ দিয়েছিলেন প্রতিপক্ষ অধিনায়কের সঙ্গে হাত না মেলাতে।

পাকিস্তানের দাবি, পাইক্রফটকে এশিয়া কাপ থেকে বহিষ্কার না করা হলে তারা পরবর্তী ম্যাচ খেলবে না। তবে নকভির নেতৃত্বাধীন এসিসি এখনও ভারতের বিরুদ্ধে বা পাইক্রফটের বিষয়ে কোনও পদক্ষেপ নেয়নি। পাইক্রফট নিজেও এ নিয়ে মুখ খোলেননি। এর মধ্যেই বুধবার ইউএই-র বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে নামার কথা পাকিস্তানের। কিন্তু তারা যদি বয়কট করে, তবে ২ পয়েন্ট পেয়ে সহজেই সুপার ফোরে চলে যাবে আমিরশাহী।
বর্তমানে গ্রুপ ‘এ’-র পয়েন্ট টেবিলে ৪ পয়েন্ট নিয়ে শীর্ষে ভারত, যারা ইতিমধ্যেই সুপার ফোর নিশ্চিত করেছে। পাকিস্তান ও ইউএই দুই দলেই রয়েছে ২ পয়েন্ট। অর্থাৎ এই ম্যাচই নির্ধারণ করবে দ্বিতীয় দল হিসেবে কারা পরের রাউন্ডে যাবে। পাকিস্তান যদি না খেলে, তবে সুপার ফোরের টিকিট নিশ্চিতভাবে চলে যাবে ইউএই-র হাতে।
এখন দেখার বিষয়—ট্রফির স্বপ্ন টিকিয়ে রাখতে পাকিস্তান শেষ পর্যন্ত বয়কটের হুমকি প্রত্যাহার করে মাঠে নামে কি না।
