২৪আওয়ার্স টিভি ডেস্ক: স্বর্ণপদক তো দূরের কথা, এবারের বিশ্ব অ্যাথলেটিক চ্যাম্পিয়নশিপ থেকে কোনও পদকই জিততে পারলেন না ভারতের সোনার ছেলে নীরজ চোপড়া। গতবারের বিশ্বচ্যাম্পিয়ন ও টোকিও অলিম্পিকের সোনাজয়ী এই জ্যাভলিন তারকার প্রত্যাশিত পারফরম্যান্স দেখা গেল না টোকিওর মাটিতেই।
যোগ্যতা অর্জন পর্বে প্রথম থ্রোতেই (৮৪.৮৫ মিটার) ফাইনালে জায়গা করে নিয়েছিলেন নীরজ। তবে মূল মঞ্চে তার ধারেকাছে পৌঁছতে পারলেন না। ফাইনালে তাঁর প্রথম থ্রো ছিল ৮৩.৬৫ মিটার। দ্বিতীয় প্রচেষ্টায় সামান্য উন্নতি করে ৮৪.০৩ মিটার ছোঁড়েন, যা এদিন তাঁর সর্বোচ্চ দূরত্ব। তৃতীয়বার ইচ্ছে করেই ফাউল করেন নীরজ। চতুর্থ থ্রো থেমে যায় মাত্র ৮২.৮৬ মিটারে। পঞ্চমবার আত্মবিশ্বাসী চেষ্টা করলেও পা লাইনের বাইরে চলে যাওয়ায় থ্রো বাতিল হয়ে যায়। শেষ পর্যন্ত অষ্টম স্থানে থেকে ফাইনাল শেষ করেন ভারতের জোড়া অলিম্পিক পদকজয়ী এই তারকা। উল্লেখযোগ্যভাবে, গত সাত বছরে এই প্রথম বিশ্বচ্যাম্পিয়নশিপ থেকে খালি হাতে ফিরছেন নীরজ।
তবে নীরজের ব্যর্থতার দিনে আলো কাড়লেন উদীয়মান ভারতীয় প্রতিভা শচীন যাদব। মাত্র ২৫ বছর বয়সেই নিজের প্রথম থ্রোতে ছুড়ে ফেলেন ৮৬.২৭ মিটার, যা তাঁর ব্যক্তিগত সেরা পারফরম্যান্স। এরপর ধারাবাহিকভাবে ৮৫ মিটারের কাছাকাছি কয়েকটি থ্রো করেন তিনি। সামান্য ব্যবধানে পদক হাতছাড়া হলেও চতুর্থ স্থানে থেকে ফাইনাল শেষ করে ভারতের জন্য আশার আলো দেখালেন শচীন।
