২৪ আওয়ার্স টিভি ডেস্ক : এইবছর জাতীয় শিক্ষকের সম্মান পাচ্ছেন বাঁকুড়ার শিক্ষক ইন্দ্রনীল মুখার্জি।এই খবর ছড়িয়ে পড়তেই ইন্দ্রনীল বাবুর বাঁকুড়া শহরের সুকান্ত পল্লীর বাড়িতে নেমে এসেছে আনন্দের জোয়ার। ইন্দ্রনীল বাবু বর্তমানে দুর্গাপুর গভর্নমেন্ট আই.টি.আই কলেজে কর্মরত রয়েছেন।প্রসঙ্গত পশ্চিমবঙ্গ সরকারের ‘টেকনিক্যাল এডুকেশন ট্রেনিং অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট’ এর তরফ থেকে মনোনয়ন পাওয়ার পর গত ২৬ তারিখ জানতে পারেন যে তিনি রাষ্ট্রপতি পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন।টেকনিক্যাল এডুকেশনের প্রযুক্তিগত মানোন্নয়নের জন্যই এই পুরস্কার পাচ্ছেন তিনি বলেই জানা গেছে। আগামী ৫ই সেপ্টেম্বর অর্থাৎ শিক্ষক দিবসের দিন দিল্লির বিজ্ঞান মঞ্চে রাষ্ট্রপতির হাত থেকে পুরস্কার নেবেন তিনি।
ইন্দ্রনীল বাবু জানান তাঁর এই সাফল্যের জন্য তার বিভাগ এবং কলেজের অন্যান সহকর্মীরা অনেকভাবে তাঁকে সাহায্য করেছেন। তিনি ধন্যবাদ জ্ঞাপন করেছেন পশ্চিমবঙ্গ সরকারের ‘টেকনিক্যাল এডুকেশন ট্রেনিং অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট’ ডিপার্টমেন্টকে। জাতীয় স্তরে তিনি যেমন বর্তমানে রাজ্যকে রিপ্রেসেন্ট করছেন।ভবিষ্যতের তাঁর এই সাফল্যকে জাতীয় স্তরে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন বলেই জানিয়েছেন ইন্দ্রনীল বাবু।
শিক্ষক ইন্দ্রনীল মুখার্জির এই সাফল্যের কথা প্রচার হতেই পরিবার ,আত্মীয়-স্বজন বেজায় আপ্লুত। সকলে বাড়িতে এসে তাঁকে অভিবাদন জানিয়েছেন।ইন্দ্রনীল বাবুর স্ত্রী ব্যাপ্তি মুখার্জী জানান এই খবরকে তিনি যেন বিশ্বাসই করতে পারছেন না।তিনি পুরস্কার মঞ্চে ইন্দ্রনীল বাবুর সাথে উপস্থিত থাকার আগ্রহ প্রকাশ করেছেন।
