Humayun Kabir: সাসপেন্ড মুর্শিদাবাদের বিধায়ক

Published on: December 4, 2025
Humayun Kabir

Join WhatsApp

Join Now

তৃণমূল কংগ্রেসের (TMC) সঙ্গে সম্পর্ক কার্যত ছিন্ন হয়ে গেল মুর্শিদাবাদের ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীরের (Humayun Kabir)। বারবার সতর্ক করার পরও লাগামহীন মন্তব্যে অবিচল থাকায় বৃহস্পতিবার তাঁকে সাসপেন্ড করার সিদ্ধান্ত ঘোষণা করেন রাজ্যের মন্ত্রী ও মুর্শিদাবাদের পর্যবেক্ষক ফিরহাদ হাকিম। সাংবাদিক বৈঠকে তিনি স্পষ্ট জানান, ধর্মকে হাতিয়ার করে রাজনীতি করেন-এমন কারও সঙ্গে তৃণমূলের কোনও সম্পর্ক থাকবে না। দলের শৃঙ্খলা রক্ষা কমিটি মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্মতিতেই এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানান তিনি।

আরও পড়ুন- Mamata Banerjee :২৬ এর ভোটে চোখ রেখে অর্থ দফতরের নয়া পোর্টাল

হুমায়ুন কবীরকে (Humayun Kabir) নিয়ে বেশ কিছুদিন ধরেই দলের অন্দরে অস্বস্তি ছিল। বাবরি মসজিদের আদলে বেলডাঙায় মসজিদ নির্মাণের ঘোষণা ও ৬ ডিসেম্বর শিলান্যাসের হুঁশিয়ারি ঘিরে বিতর্ক চরমে ওঠে। হুমায়ুন জানিয়েছিলেন, ওই কাজে বাধা পেলে রেজিনগর থেকে বহরমপুর পর্যন্ত জাতীয় সড়ক অবরুদ্ধ করবেন। এমনকি মহকুমা পুলিশ আধিকারিককে সরাসরি হুমকিও দিতে শোনা গিয়েছিল তাঁকে-যা আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নানা প্রশ্ন তোলে। রাজ্যপাল সিভি আনন্দ বোসও ওই মন্তব্যের বিরুদ্ধে সুর চড়িয়ে প্রিভেনটিভ অ্যারেস্টের কথা উল্লেখ করে রাজ্য সরকারকে চিঠি পাঠান বলে সূত্রের খবর।

ফিরহাদ হাকিম-

ফিরহাদ হাকিম জানান, তৃণমূল ধর্মনিরপেক্ষতার আদর্শে বিশ্বাসী দল। তাই হঠাৎ করে ‘বাবরি মসজিদ’ তৈরির দাবি দলের চরিত্রের পরিপন্থী। তাঁর প্রশ্ন-মসজিদ করতে হলে অন্য নামে মসজিদ কেন নয়? কেন সামাজিক পরিকাঠামো তৈরির কথা ভাবা হলো না? তাঁর অভিযোগ, এই মন্তব্যের পিছনে বিজেপির বিভেদের রাজনীতি কাজ করছে। দলের বিরুদ্ধে অবস্থান নেওয়া এবং ধারাবাহিকভাবে শৃঙ্খলা ভাঙার কারণেই তাঁকে (Humayun Kabir) তিনবার সতর্ক করার পর সাসপেন্ড করা হয়েছে।

পালটা হুমায়ুন কবীর-

সাসপেন্ড হওয়ার পর হুমায়ুন কবীর (Humayun Kabir) পাল্টা জানান, তিনি ফিরহাদ হাকিমকে তৃণমূলের নেতা হিসেবে মানেন না। তাঁর কথা-তিনি শুধু মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কেই নেতা মানেন, এবং তাঁরা কিছু না বললে অন্য কারও মন্তব্যের জবাব দেওয়াই তাঁর প্রয়োজন মনে হয় না। ফলে হুমায়ুনের মন্তব্যে রাজনৈতিক উত্তাপ আরও বেড়েছে, আর তৃণমূলের কড়া সিদ্ধান্ত রাজ্য রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করেছে।