Murshidabad : প্রধানের বাড়ির ভেতরেই বসছে সরকারি কমিউনিটি টয়লেট! প্রকাশ পেতেই শোরগোল এলাকায়

Published on: September 2, 2025

Join WhatsApp

Join Now

২৪ আওয়ার্স টিভি ডেস্ক :  মানুষের ব্যবহারের জন্য তৈরি কমিউনিটি টয়লেট — আর সেটাই কিনা বসছে পঞ্চায়েত প্রধানের ব্যক্তিগত বাড়ির ভেতরে! ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদ জেলার সাগরদিঘী ব্লকের কাবিলপুর গ্রাম পঞ্চায়েতে। অভিযোগ উঠতেই এলাকাজুড়ে শুরু হয়েছে প্রবল ক্ষোভ ও চাঞ্চল্য।গ্রামবাসীদের অভিযোগ, “কমিউনিটি টয়লেট মানে তো সবার জন্য। তাহলে সেটা কেন বাজারে নয়, স্বাস্থ্যকেন্দ্রে নয়, বা স্কুল-মাঠে নয়? কেন প্রধান রোজিনা বেগম নিজের বাড়ির ভেতরেই বসিয়ে  নিলেন?”অভিযোগের জবাবে প্রধান রোজিনা বেগমের দাবি, “আমার বাড়িতে প্রায়ই অনেকে আসেন। পাশের স্কুলের ছেলেমেয়েরাও মাঝে মাঝে সমস্যায় পড়ে। তাই আমি বাড়ির পিছনের ১৭ ফুট চওড়া রাস্তা দিয়ে সবার জন্য প্রবেশদ্বার রাখছি।”কিন্তু গ্রামবাসীরা এই যুক্তিকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন। তাঁদের বক্তব্য, “যে জমিটিকে রাস্তার খাতায় দেখানো হয়েছে, সেটি বাস্তবে কোনো পথ নয়। ওই পথে কখনও কারও যাতায়াত হয়না। ফলে সাধারণ মানুষ ওই টয়লেট ব্যবহার করার সুযোগ পাবেন না। আসলে প্রধান নিজের সুবিধার জন্যই সরকারি টাকায় এই বাথরুম তৈরি করছেন।”এ নিয়ে রাজনৈতিক মহলেও তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। সিপিএম নেতা ইসমাইল শেখ সরাসরি অভিযোগ করে বলেন, “প্রধান আপাদমস্তক দুর্নীতিগ্রস্ত। সাবমার্সিবল পাম্প বসানো থেকে শুরু করে কন্ট্রাকটরের কাজ পাইয়ে দেওয়া—সবেতেই অনিয়ম করেছেন তিনি। এখন নিজের বাড়িতে কমিউনিটি টয়লেট বসানো সেই তালিকায় নতুন সংযোজন। প্রধানের জন্যই পঞ্চায়েত কার্যত অচল।”পাশাপাশি কংগ্রেস নেতা এই ঘটনায় কাবিলপুর এর জনসাধারণকে প্রধানের বাড়ি সকাল সন্ধ্যা গিয়ে প্রাকৃতিক ক্রিয়া কর্ম করার অনুরোধ করেন!উল্লেখ্য, সরকারি নথি অনুযায়ী এই টয়লেট বসানোর কথা ছিল কাবিলপুর অঞ্চলের চাইপাড়া এলাকায় সাইফুল আলমের বাড়ির নিকটে সরকারি জমিতে। কিন্তু শেষমেশ সেটি প্রধানের ব্যক্তিগত বাড়ির ভেতরেই চলে আসায় ক্ষোভে ফেটে পড়েছেন কাবিলপুরবাসী।এখন প্রশ্ন একটাই—যে টয়লেট সবার জন্য বরাদ্দ, তা কি সত্যিই জনসাধারণের কাজে লাগবে? নাকি প্রধানের ব্যক্তিগত সম্পত্তি হিসেবেই থেকে যাবে?