Eastern Railway: গোঘাটে বিশাল পুলিশ মোতায়েন , শুরু রেল প্রকল্পের কাজ

Published on: September 11, 2025

Join WhatsApp

Join Now

২৪ আওয়ার্স টিভি ডেস্ক: হাইকোর্টের নির্দেশে অবশেষে শুরু হল ভাবাদীঘির রেল প্রকল্পের কাজ, গোঘাটে মোতায়েন বিশাল পুলিশ বাহিনী। বহু প্রতীক্ষার পর অবশেষে কাজ শুরু হল তারকেশ্বর–বিষ্ণুপুর রেল প্রকল্পে। বৃহস্পতিবার সকালে ভাবাদিঘি এলাকায় জমি সমতলকরণের কাজ শুরু করে পূর্ব রেল। কাজের শুরু থেকেই এলাকা নিরাপদ রাখতে মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী।কলকাতা হাইকোর্ট সম্প্রতি নির্দেশ দিয়েছিল, এই প্রকল্প জনস্বার্থে অত্যন্ত জরুরি। তাই কোনো রাজনৈতিক বা অন্য কোনো প্রভাবশালী গোষ্ঠী বাধা দিলে, হুগলি গ্রামীণ জেলা পুলিশকে কঠোর পদক্ষেপ নিতে হবে। আদালত আরও জানিয়েছিল, রেললাইনের কাজ আর দেরি করা যাবে না।

ইস্টার্ন রেলওয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, ভায়াডাক্টের টেন্ডার প্রক্রিয়া শেষ হতে প্রায় ২-৩ মাস সময় লাগবে। রাজ্য সরকার যদি বাধাহীন জমি প্রদান করে, তাহলে এক বছরের মধ্যেই কাজ সম্পূর্ণ করা সম্ভব।প্রকল্প এলাকায় কাজ শুরু হওয়ায় স্থানীয়দের মধ্যে উচ্ছ্বাস দেখা দিয়েছে। অনেকেই মনে করছেন, দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটতে চলেছে। যদিও এখনও কিছু মানুষ সন্দিহান আদালতের কড়া নজরদারি ছাড়া কাজের গতি বজায় থাকবে কি না।

উল্লেখ্য, মামলার পরবর্তী শুনানি হবে আগামী ১৭ই নভেম্বর। সেদিন পূর্ব রেল, জেলা প্রশাসন এবং হুগলি গ্রামীণ জেলা পুলিশের পক্ষ থেকে অগ্রগতির রিপোর্ট আদালতে হলফনামা আকারে জমা দিতে হবে।এখন নজর, আদালতের কড়া নির্দেশ এবং পুলিশের নজরদারিতে কতটা দ্রুত এগোয় বহু প্রতীক্ষিত তারকেশ্বর–বিষ্ণুপুর রেল প্রকল্প।