Cricket: এশিয়াকাপে ভারত-পাক ম্যাচকে ঘিরে বিতর্ক নিয়ে সরব কিংবদন্তি অধিনায়ক কপিল দেব

Published on: September 19, 2025

Join WhatsApp

Join Now

২৪ আওয়ার্স টিভি ডেস্ক: এশিয়া কাপে ভারত-পাকিস্তান ম্যাচকে ঘিরে চলা একের পর এক বিতর্কের মাঝেই এ বার মুখ খুললেন ভারতের বিশ্বকাপজয়ী কিংবদন্তি অধিনায়ক কপিল দেব। তিনি সরাসরি পাকিস্তানকে আক্রমণ করে জানান, ক্রিকেট বাদে অন্যান্য বিষয়ে বাড়তি গুরুত্ব দেওয়াটা একেবারেই অযথা। তাঁর পরামর্শ, পাকিস্তান দলের উচিত মাঠের ভেতরে খেলাতেই বেশি মন দেওয়া।

শুরু থেকেই ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে তর্ক-বিতর্ক চলছিল। পহেলগামের ঘটনার পর কেন ভারত ম্যাচ খেলতে রাজি হল, তা নিয়েও প্রশ্ন উঠেছিল। তারই মাঝে ম্যাচ শুরুর আগে সূর্যকুমার যাদব ও পাকিস্তানের সলমন আলি আঘা হাত মেলালেন না—এমন দৃশ্য সামনে আসতেই বিতর্ক নতুন মাত্রা পায়। বিষয়টি এতটাই বিতর্কিত হয় যে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (ACC) এবং আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (ICC) কাছেও পৌঁছে যায়।

এই প্রেক্ষাপটেই ANI-কে দেওয়া এক সাক্ষাৎকারে কপিল দেব বলেন, “এগুলো খুবই ছোটখাটো ঘটনা। ক্রিকেটে মন দেওয়া উচিত, এসব নিয়ে অতিরিক্ত আলোচনা করার প্রয়োজন নেই। কেউ যদি হাত না মেলাতে চান, সেটা তাঁর ব্যক্তিগত সিদ্ধান্ত। বিষয়টিকে বাড়িয়ে না দেখে খেলাতেই ফোকাস করা উচিত।”

তিনি আরও যোগ করেন, “কাউকে নিয়ে ভুল মন্তব্য করে বিতর্ক তৈরি করার চেষ্টা একেবারেই অনুচিত। দুর্ভাগ্যবশত কিছু ক্রিকেটার এমন কাজ করেন। পাকিস্তান দলের উচিত নিজেদের পারফরম্যান্সের দিকে নজর দেওয়া। ভারত ম্যাচে তারা ভালো খেলতে পারেনি। ভারত তাদের সাত উইকেটে হারিয়েছে, তারপর সংযুক্ত আরব আমিরশাহীর বিরুদ্ধেও তারা কষ্ট করে জয় পেয়েছে। তাই এসব বাড়তি নাটকের বদলে ক্রিকেটে মন দেওয়া তাদের জন্য ভালো হবে।”

পাকিস্তান দলের নিন্দা করলেও কপিল দেব ভারতীয় দলের প্রশংসা করতে ভোলেননি। তাঁর বক্তব্য, “ভারতীয় দল গত ২০ বছর ধরে ধারাবাহিকভাবে ভালো ক্রিকেট খেলছে। দলটি আন্তর্জাতিক মঞ্চে, বিশেষত ICC টুর্নামেন্টগুলোতে দারুণ পারফর্ম করছে। আমাদের ক্রিকেট টিম গোছানো এবং শক্তিশালী। আমি আশা করি এ বার ভারত এশিয়া কাপ জিতবে।”

অর্থাৎ, কপিল দেব স্পষ্ট করে দিলেন—কারও হাত মেলানো বা না মেলানো নিয়ে অযথা জলঘোলা না করে, পাকিস্তানের উচিত ক্রিকেটে মনোযোগ দেওয়া এবং মাঠের খেলাতেই নিজেদের সেরাটা প্রমাণ করা।