২৪ আওয়ার্স টিভি ডেস্ক : গত বছরের ৯ অগাস্ট আরজি করের সেমিনার হল থেকে তিলোত্তমার দেহ উদ্ধারের ঘটনায় কলকাতা হাইকোর্টের নির্দেশে তদন্তে নামে সিবিআই। কিন্তু, সিবিআইয়ের তদন্ত প্রক্রিয়া নিয়ে একাধিকবার অসন্তোষ প্রকাশ করেছেন তিলোত্তমার বাবা-মা। সম্প্রতি দিল্লিতে গিয়ে তাঁরা সিবিআই ডিরেক্টর প্রবীণ সুদের সঙ্গেও দেখা করেন। এই নিয়ে তিলোত্তমার বাবা পরে বলেন, সিবিআই ডিরেক্টর তাঁদের বলেছেন, মামলাটি তাঁরা ছেড়ে দিতে চান।
পরে একটি সাক্ষাৎকারে তিলোত্তমার বাবা অভিযোগ করেন, “সিবিআই-কে টাকা খাইয়েছে রাজ্য সরকার। কুণাল ঘোষ গিয়ে সেটেলমেন্ট করে এসেছেন।” তাঁর এই মন্তব্যের তীব্র প্রতিবাদ করেন কুণাল ঘোষ। সোশ্যাল মিডিয়ায় কুণাল লেখেন, “মিথ্যাচার ও নাটকের সব সীমা পার করেছেন উনি।” এরপর গত ১২ অগস্ট তিলোত্তমার বাবাকে আইনি নোটিস পাঠান কুণাল। সেইসময় তিনি জানিয়েছিলেন, চার দিনের মধ্যে জবাব না পেলে আদালতে যাবেন। এবার ব্যাঙ্কশাল আদালতে তিলোত্তমার বাবার বিরুদ্ধে তিনি মানহানির মামলা দায়ের করলেন।
অভিযোগ, সম্প্রতি সংবাদমাধ্যমের সামনে তিলোত্তমার বাবা বলেন, সিবিআই টাকা খেয়ে তদন্ত চেপে দিয়েছে। সিবিআইকে টাকা দিয়েছে রাজ্য সরকার। কুণাল ঘোষ সিজিও কমপ্লেক্স-এ গিয়ে টাকা দিয়ে সমস্ত কিছু ‘সেটেলমেন্ট’ করিয়েছেন। সংবাদমাধ্যমের সামনে তিলোত্তমার বাবার এই বক্তব্যের প্রেক্ষিতে আগেই আইনি নোটিস পাঠিয়েছিলেন কুণাল ঘোষ। এবার মানহানির অভিযোগ তুলে ব্যাঙ্কশাল আদালতে মামলা দায়ের করলেন তিনি।
