২৪ আওয়ার্স টিভি ডেস্ক : দুর্গাপুজোর ভিড় নিয়ন্ত্রণে প্রথম থেকেই কড়া পদক্ষেপে নেমেছে কলকাতা পুলিশ। পুলিশের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ উঠলেও বাস্তবে তা যে ভিত্তিহীন, ফের একবার প্রমাণ হলো। বিধায়ক দেবাশিস কুমারের পুজো হিসেবে পরিচিত ত্রিধারা পুজোতেও এবার লাগাম টেনেছে পুলিশ প্রশাসন।ভিড় সামলাতে আগেই সতর্কতা জারি করা হয়েছিল। এবার সরাসরি উদ্যোগ নিয়েছে রবীন্দ্র সরোবর থানার পুলিশ। ত্রিধারা পুজো কমিটিকে চিঠি দিয়ে জানানো হয়েছে পুজোমণ্ডপের ভেতরে ও বাইরে আয়োজিত ‘অঘোরী নাচ’ দর্শনার্থীদের নিরাপত্তায় সমস্যা তৈরি করছে। চিঠিতে স্পষ্ট বলা হয়েছে, এই ধরনের আয়োজন ভিড় বাড়াচ্ছে এবং মানুষের চলাচলে বাধা তৈরি করছে, ফলে যেকোনও মুহূর্তে দুর্ঘটনা ঘটতে পারে। তাই অবিলম্বে এই নাচ বন্ধ করার নির্দেশ দিয়েছে পুলিশ,নইলে জননিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কা রয়েছে।ত্রিধারা তৃণমূল বিধায়ক দেবাশিস কুমারের পুজো বলেই পরিচিত।
উল্লেখ্য, সন্তোষ মিত্র স্কোয়্যারের লাইট অ্যান্ড সাউন্ড শো নিয়ে আপত্তি করে কলকাতা পুলিশের তরফে একটি চিঠি পাঠানো হয়েছিল। এই পুজোর অন্যতম উদ্যোক্তা তথা বিজেপি নেতা সজল ঘোষ সেই সময়ে সরব হয়েছিলেন। এ বার ত্রিধারাকে পুলিশি চিঠি দেওয়ার পরে তৃণমূলের একাংশের দাবি, ‘কলকাতা পুলিশ যে নিরপেক্ষ ভাবেই সিদ্ধান্ত নেয়, এতেই স্পষ্ট। মানুষের সুরক্ষা সেখানে প্রাধান্য পায়।এ দিকে ত্রিধারার উদ্যোক্তাদের তরফে জানানো হয়েছে, মানুষের সুরক্ষার বিষয়টিকেই প্রাধান্য দিচ্ছেন তাঁরা। তাই অষ্টমী রাতেও বন্ধ রাখা হয়েছে মণ্ডপের মধ্যে ‘অঘোরী নাচ’। নিরাপত্তার কথা মাথায় রেখে আগামী দু’দিনে ফের তা চালু করার কোনও পরিকল্পনা নেই বলেও জানাচ্ছেন উদ্যোক্তারা।
