kOLKATA : কলকাতামুখী বাসে হানা, উদ্ধার ৭২ লক্ষ টাকা!

Published on: September 12, 2025

Join WhatsApp

Join Now

২৪ আওয়ার্স টিভি ডেস্ক : কলকাতামুখী যাত্রীবাহী বাস থেকে উদ্ধার হল বিপুল পরিমাণ নগদ অর্থ। টাকার পরিমাণ এতটাই বেশি যে গুনতে আনতে হল মেশিন। একেবারে টাকার পাহাড়! বৃহস্পতিবার গভীর রাতে পূর্ব বর্ধমানের পালসীট টোল প্লাজায় বিশেষ অভিযানে নামেন মেমারি থানার পুলিশ। ভাগলপুর থেকে কলকাতামুখী একটি যাত্রীবাহী বাসে হানা দিয়েই শুরু হয় তল্লাশি। সেখানেই পুলিশের জালে ধরা পড়ে অবিশ্বাস্য তথ্য—দুটি ব্যাগ ভর্তি মোট ৭২ লক্ষ টাকা।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, আটক করা হয়েছে চারজনকে। তাদের মধ্যে রয়েছেন বাসের দুই চালক নবীন কুমার সিং ও বাবলু দাস, খালাসি কৃষ্ণ দাস এবং যাত্রী শম্ভুনাথ বার্মা। চারজনই বিহারের ভাগলপুর ও বাঁকা জেলার বাসিন্দা। তবে এত বিপুল পরিমাণ নগদ অর্থের কোনও বৈধ নথি দেখাতে না পারায় শেষ পর্যন্ত চারজনকেই গ্রেফতার করে পুলিশ।

গোপন সূত্রে খবর পেয়ে এদিন গভীর রাতেই অভিযান চালায় মেমারি থানার পুলিশ। সন্দেহজনক ওই যাত্রীবাহী বাসকে আটকে বিস্তারিত তল্লাশি চালানো হয়। তাতেই উদ্ধার হয় ৭২ লক্ষ টাকা ভর্তি দুটি ব্যাগ।এখন বড় প্রশ্ন—এত বিপুল নগদ টাকা কোথা থেকে আসছিল, কোথায় পৌঁছনোর কথা ছিল? আর টাকার উৎসই বা কী? এই সমস্ত দিক খতিয়ে দেখছে মেমারি থানার পুলিশ। ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।