ডেস্ক (উদিতা)ঃ লাগাতার অতিভারী বৃষ্টির জেরে জলের নিচে চলে গিয়েছে পাঞ্জাবের বিস্তীর্ণ এলাকা। গত ৩৭ বছরের মধ্যে এত ভয়াবহ বন্যা দেখেনি পাঞ্জাব। লাফিয়ে বাড়ছে মৃত্যু। পরিস্থিতি এতটাই সঙ্গীন যে, পাঞ্জাবকে ‘বিপর্যস্ত রাজ্য’ ঘোষণা করেছে আপ সরকার। দিনরাত এক করে উদ্ধারকার্য চালাচ্ছে আর্মি, নেভি ও বায়ুসেনা। এমতাবস্থায় জলমগ্ন পাঞ্জাবে নিঃশব্দেই সেবায় নিয়োজিত শাহরুখ খান। এবার খবর, বানভাসি পাঞ্জাবের ১৫০০টি পরিবারকে দত্তক নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন কিং খান।
ইতিমধ্যেই বলিউড বাদশার স্বেচ্ছাসেবী সংস্থা ‘মীর ফাউন্ডেশন’ পাঞ্জাবের স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠনগুলির সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে উদ্ধারকার্য শুরু করেছে বলে খবর বলিউড মাধ্যম সূত্রে। এছাড়াও পাণীয় জল, খাবার, ফোল্টিং কাট, তোষক, মশারি-সহ নানা প্রয়োজনীয় ত্রাণসামগ্রী বিলি করা হচ্ছে শাহরুখের টিমের তরফে। ওষুধপাতি পাঠানোর পাশাপাশি দুস্থদের চিকিৎসার দায়ভরও বহন করছেন কিং খান খোদ। জানা গেল, শাহরুখ খানের তরফে এই পরিষেবা পৌঁছে যাচ্ছে অমৃতসর, পাতিয়ালা, ফজিলকা, ফিরোজপুর-সহ পাঞ্জাবের একাধিক বন্যাকবলিত অঞ্চলের পনেরোশ পরিবারের কাছে। কিং খানের ‘মীর ফাউন্ডেশনে’র প্রতিশ্রুতি, বন্যার্ত পরিবারগুলিকে পুনরায় মাথার উপর ছাদ গড়ে দিতে সাহায্য করা হবে।এর আগে পাঞ্জাববাসীদের মানসিক শক্তি কামনা করে এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করেছিলেন বলিউড বাদশা। লিখেছিলেন, ‘ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত পাঞ্জাবের মানুষদের জন্য আমার মন কাঁদছে। সকলের জন্য প্রার্থনা করছি এবং ঈশ্বরের কাছে শক্তি কামনা করছি। পাঞ্জাবের মনোবল যেন কখনও ভেঙে না পড়ে। ঈশ্বর তাদের সকলের মঙ্গল করুন।’
