২৪ আওয়ার্স টিভি ডেস্কঃ পহেলগামের জঙ্গি হামলার পর পাকিস্তানের বিরুদ্ধে ভারতের খেলা নিয়ে প্রশ্ন উঠছিল বারবার। অনেকেই জানতে চাইছিলেন, এমন ঘটনার পর কেন ফের পাকিস্তানের মুখোমুখি হল টিম ইন্ডিয়া। এ বিষয়ে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (BCCI) স্পষ্ট জানিয়েছিল, তারা আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ICC) বা এশিয়ান ক্রিকেট কাউন্সিল (ACC)-এর টুর্নামেন্ট বয়কট করতে পারে না। তাই নিয়ম মেনে ভারত মাঠে নামে এবং পাকিস্তানকে হারায়।
তবে পাকিস্তানের বিরুদ্ধে মাঠে নামলেও, পাকিস্তানের অধিনায়কের সঙ্গে হাত মেলাননি ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক সূর্য কুমার যাদব। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আবেগপ্রবণ হয়ে পড়েন ভারতীয় দলের অধিনায়ক সূর্যকুমার যাদব। তিনি বলেন, “ পহেলগামে যারা প্রাণ হারিয়েছেন, আমরা তাঁদের পরিবারের পাশে আছি’। পাকিস্তানের বিরুদ্ধে ভারতের এই জয় দেশের সেনাবাহিনীকে উৎসর্গ করেন ভারতের অধিনায়ক। তিনি এও বলেন, ‘আশা করছি সেনারা আমাদের আরও অনুপ্রাণিত করবে।”
অধিনায়ক সূর্যর জন্য এই দিনটি ছিল বিশেষ। কারণ, ১৪ সেপ্টেম্বর তাঁর জন্মদিনেই তিনি অধিনায়ক হিসেবে প্রথমবার পাকিস্তানের বিরুদ্ধে দলকে মাঠে নামান এবং জয় পান। বক্তব্যের সময় দর্শকেরা তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানালে, সূর্য হেসে বলেন, “দারুণ অনুভূতি, আর জন্মদিনে এর থেকে ভালো উপহার আর কিছু হতে পারে না।”
সূর্যের আবেগঘন বার্তার পর BCCI-ও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে নিহতদের পরিবারের পাশে থাকার প্রতিশ্রুতি জানায় এবং পুরো দলের একটি ছবি শেয়ার করে। নিজের খেলার প্রসঙ্গে সূর্য জানান, সবসময় তিনি চেয়েছিলেন দলকে জয় এনে দিয়ে মাঠ ছাড়তে, অবশেষে সেই লক্ষ্য পূরণ করতে পেরেছেন। তবে তাঁর মতে, পাকিস্তানের বিরুদ্ধে এই ম্যাচও দলের কাছে আর পাঁচটা ম্যাচের মতোই ছিল— প্রতিটি প্রতিপক্ষের জন্য সমান প্রস্তুতি নিয়েই নেমেছিল তারা। ম্যাচে পাকিস্তানকে মাত্র ১২৭ রানে আটকে দেয় ভারতীয় বোলাররা। মাঝের ওভারে স্পিনারদের দাপটেই ম্যাচ ঘুরে যায়। কুলদীপ যাদব নেন তিন উইকেট এবং অক্ষর প্যাটেল একটি। ম্যাচ শেষে সূর্য বলেন, “আমি সবসময় স্পিনারদের ভক্ত। কারণ ম্যাচের মাঝের সময়ে ওরাই নিয়ন্ত্রণ আনে।”
ম্যাচ সেরা হন কুলদীপ যাদব। তিনি বলেন, পরিকল্পনা মতো বল করেছেন এবং প্রথম ওভারেই উইকেট নেওয়াই ছিল তাঁর লক্ষ্য। তবে নিজের পারফরম্যান্সে পুরোপুরি সন্তুষ্ট নন তিনি, আরও উন্নতির প্রয়োজন আছে বলে মনে করেন। ভারতের পরের ম্যাচ ১৯ সেপ্টেম্বর ওমানের বিরুদ্ধে।
