ওড়িশার জনপ্রিয় গায়ক হিউম্যান সাগরে ( Humane Sagar)- এর সোমবার (১৭ নভেম্বর ২০২৫) রাত ৯ টা ০৮ মিনিটে ভুবনেশ্বরের অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস (এইমস)-এ চিকিৎসাধীন অবস্থায় জীবনাবসান হয়। মৃত্যুকালে তাঁর বয়স ছিল ৩৬।
১৪ নভেম্বর তাঁকে “দ্বিপাক্ষিক নিউমোনিয়া, অ্যাকিউট অন ক্রনিক লিভার ফেইলিওর (ACLF), ডাইলেটেড কার্ডিওমায়োপ্যাথি ও গুরুতর LV সিস্টোলিক ডিসফাংশন, মাল্টি-অর্গান ডিসফাংশন সিন্ড্রোম (MODS), রিফ্র্যাক্টরি শক, তীব্র শ্বাসকষ্ট, অ্যানুরিক অ্যাকিউট কিডনি ইনজুরি, এনসেফালোপ্যাথি, হেপাটোপ্যাথি, থ্রম্বোসাইটোপেনিয়া এবং কোয়াগুলোপ্যাথি”—সহ একাধিক জটিলতার কারণে ভর্তি করা হয়েছিল। সর্বোচ্চ চিকিৎসা দেওয়া হলেও তিনি সাড়া দেননি।
হিউম্যান সাগরের ( Humane Sagar)-মৃত্যুতে ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি গভীর শোক প্রকাশ করে বলেন, “প্রখ্যাত প্লেব্যাক গায়ক হুমান সাগরের মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত। তাঁর মৃত্যু আমাদের সঙ্গীত ও চলচ্চিত্র জগতের জন্য অপূরণীয় ক্ষতি। শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাই। ঈশ্বর তাঁর আত্মাকে শান্তি দান করুন। ওম শান্তি।”
এছাড়া বিরোধীদলীয় নেতা নবীন পট্টনায়ক এক শোকবার্তায় জানান, “সাগরের প্রাণস্পর্শী সঙ্গীত অসংখ্য মানুষের হৃদয় ছুঁয়ে গেছে। ওড়িয়া সঙ্গীতে তাঁর অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। তাঁর অমর আত্মার শান্তি কামনা করছি এবং পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি।”
বোলাঙ্গির জেলায় জন্ম নেওয়া হিউম্যান সাগর ( Humane Sagar) ওড়িয়া সঙ্গীত জগতে অত্যন্ত জনপ্রিয় ছিলেন, আবেগঘন কণ্ঠ এবং অনন্য গায়কশৈলীর জন্য আলাদা পরিচিতি গড়ে তুলেছিলেন। তিনি কর্মজীবনে ১০০টিরও বেশি ওড়িয়া গানে কণ্ঠ দিয়েছেন ।
