ভোটের আগে ফের উত্তপ্ত হাওড়া জেলা (Howrah Shootout) ভোটের আগে তীব্র অশান্তি, রাজ্যজুড়ে আতঙ্কের ছায়া । বৃহস্পতিবার গভীর রাতে সাঁপুইপাড়ার বসুকাঠি এলাকায় দুষ্কৃতীদের গুলিতে গুরুতর জখম হলেন স্থানীয় পঞ্চায়েত প্রধান দেবব্রত মণ্ডল, ওরফে বাবু মণ্ডল। একই ঘটনায় আহত হন তাঁর সঙ্গী অনুপম রানা। এভাবে পরপর গুলি চলার ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে সমগ্র এলাকায়।
আরও পড়ুন- CA Murder Case : কসবার হোটেলে নগ্ন অবস্থায় CA-র দেহ উদ্ধার
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, একটি বিয়েবাড়ির অনুষ্ঠান থেকে বাইকে করে বাড়ি ফিরছিলেন বাবু মণ্ডল ও অনুপম। মাঝপথেই অজ্ঞাত দুষ্কৃতীরা মোটরবাইকের সামনে এসে তাদের লক্ষ্য করে পরপর ছ’ রাউন্ড গুলি চালায় (Howrah Shootout) । প্রথমে গুলি লাগে অনুপম রানার হাতে। তারপর একাধিক গুলিতে বাবু মণ্ডলের কাঁধ ও পেটে আঘাত লাগে। হামলাকারী আচমকাই অন্ধকারের মধ্যে থেকে গুলি চালাতে শুরু করে। ঘটনাস্থলে ব্যাপক আতঙ্ক তৈরি হয়। স্থানীয়রা তৎক্ষণাৎ আহত দু’জনকে উদ্ধার করে, হাওড়ার একটি নার্সিংহোমে নিয়ে যান। এরপর তাঁর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় এসএসকেএম হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। অনুপম রানাও সেখানেই চিকিৎসাধীন।
তৃণমূল নেতৃত্ব অভিযোগ করেছে, এই হামলার (Howrah Shootout) পিছনে রয়েছে বিজেপি। তবে স্থানীয় মহলে গোষ্ঠীদ্বন্দ্বের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তদন্তকারীরাও দুই দিকই খতিয়ে দেখছেন। এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। উল্লেখ্য, গত কয়েক দিন ধরে রাজ্যের বিভিন্ন প্রান্তে গুলি চলার ঘটনা বাড়ছে। বুধবার রাতেই কসবার প্রান্তিকপল্লীতে এক যুবককে লক্ষ্য করে গুলি চালানো হয়। মালদহেও দিনে-দুপুরে গুলি চলার ঘটনার পর হাওড়ায় এই হামলা প্রশাসনকে আরও উদ্বিগ্ন করেছে। ভোটের এখনও কয়েক মাস বাকি তবে তার আগেই রাজ্যজুড়ে দুষ্কৃতী তৎপরতা বাড়তে থাকায় সাধারণ মানুষের মনে বাড়ছে অনিশ্চয়তা ও আতঙ্ক।
