২৪ আওয়ার্স টিভি ডেস্ক : বর্ষার বিদায় ঘণ্টা বেজে গেল ! মৌসম ভবনের পূর্বাভাস অনুযায়ী, আগামী ১৫ সেপ্টেম্বর থেকেই উত্তর-পশ্চিম ভারত থেকে বর্ষা সরে যেতে শুরু করবে।সাধারণত ১৭ সেপ্টেম্বর থেকে মৌসুমী বায়ুর বিদায় প্রক্রিয়া শুরু হলেও এ বছর আগেভাগেই পিছু হটতে চলেছে বর্ষা। তবে, পুরো দেশ থেকে বর্ষা বিদায় নিতে সময় লাগবে আগামী ১৫ অক্টোবর পর্যন্ত।চলতি বছরের বর্ষা নানা দিক থেকেই অস্বাভাবিক ছিল। ২৪ মে কেরলে বর্ষার আগমন ঘটে—যা স্বাভাবিক সময়ের থেকে অনেকটা আগে। এর পর মাত্র এক মাসের মধ্যেই, ২৬ জুনের মধ্যে সারা দেশ বর্ষার কব্জায় চলে আসে।২০২০ সালের পর এই প্রথম দেশে এত দ্রুত ও আগাম বর্ষা প্রবেশ করেছিল। ফলে বৃষ্টির দাপটও ছিল চোখে পড়ার মতো। এ বছর দেশের গড় বৃষ্টিপাত হয়েছে ৮৩৬.২ মিলিমিটার, যেখানে স্বাভাবিক বৃষ্টিপাত ৭৭৮.৬ মিলিমিটার।
অর্থাৎ, প্রায় ৭ শতাংশ বেশি বৃষ্টি হয়েছে।ভারতের অর্থনীতি ও কৃষির সঙ্গে বর্ষার যোগ অঙ্গাঙ্গীভাবে জড়িত। দেশের প্রায় ৪২ শতাংশ মানুষ সরাসরি কৃষির ওপর নির্ভরশীল। জিডিপিতেও কৃষির অবদান প্রায় ১৮ শতাংশ। ফলে বৃষ্টির আধিক্য কিংবা ঘাটতি—দুই-ই কৃষি এবং সামগ্রিক অর্থনীতিতে গভীর প্রভাব ফেলে। এ বছর পর্যাপ্ত বৃষ্টি হওয়ায় খরিফ ফসল উৎপাদনে সুবিধা হবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। এবার প্রশ্ন, বাংলায় কবে বিদায় নেবে বর্ষা? মৌসম ভবনের পূর্বাভাস অনুযায়ী, সেপ্টেম্বরের দ্বিতীয়ার্ধ থেকে অক্টোবরের মাঝামাঝি সময়ের মধ্যে ধাপে ধাপে বিদায় নেবে বর্ষা। উত্তরবঙ্গে আপাতত বৃষ্টির দাপট অব্যাহত রয়েছে। শনিবার কোচবিহার ও উত্তর দিনাজপুরে বজ্রবিদ্যুৎ-সহ মাঝারি বৃষ্টি এবং দমকা হাওয়ার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে, দক্ষিণবঙ্গে বৃহস্পতিবার ও শুক্রবার বিক্ষিপ্ত বৃষ্টির পর শনিবার থেকে আকাশ কিছুটা পরিষ্কার হওয়ার সম্ভাবনা। সব মিলিয়ে, সেপ্টেম্বরেই শুরু হচ্ছে বিদায়ের পালা। এবার বর্ষার বিদায় সুরের সঙ্গে সঙ্গে বাঙালির ক্যালেন্ডারে হাজির পুজোর আমেজ।
