২৪ আওয়ার্স টিভি ডেস্ক : হাতির তান্ডবে দিনের পর দিন এলাকায় ক্ষতি হয়েছে বিঘের পর বিঘে ধানজমি। বারংবার বন দফতরকে জানিয়েও লাভ হয়নি। একদিকে হাতি তাড়ানোর যেমন কোনো ব্যবস্থা করেনি বন দফতর তেমনই ক্ষতিগ্রস্থরা পাচ্ছেন না ক্ষতিপূরণ। প্রতিবাদে আজ বাঁকুড়ার বেলিয়াতোড় রেঞ্জের বড়কুড়া গ্রামে পথ অবরোধ করে বিক্ষোভে ফেটে পড়লেন এলাকাবাসী। বেলিয়াতোড় থানার পুলিশ ও বন দফতরের আধিকারিকেরা অবরোধ তুলতে গেলে তাঁদের ঘিরেও বিক্ষোভ দেখান এলাকার মানুষেরা।স্থানীয় ভাবে জানা গেছে সপ্তাহ খানেক আগে পশ্চিম মেদিনীপুরের সীমানা পেরিয়ে প্রায় ২৫ টি হাতির একটি দল বাঁকুড়ার বাঁকাদহ রেঞ্জে প্রবেশ করে।
সেই দলটি দ্বারকেশ্বর নদ পেরিয়ে প্রথমে সোনামুখী ও পরে বড়জোড়া ব্লকে প্রবেশ করে। হাতির দলটি বেলিয়াতোড় হয়ে প্রথমে বড়জোড়ায় পৌঁছে গেলেও দলের সাত আটটি হাতি ফের আচমকাই পুরানো পথে ফিরে যেতে শুরু করে। এর ফলে কার্যত দু’দফায় ধান চাষের ব্যপক ক্ষয়ক্ষতি হয়। ক্ষতিগ্রস্থদের অভিযোগ ক্ষয়ক্ষতি কমানোর জন্য হাতির গতিবিধি নিয়ন্ত্রনে কোনো ভূমিকাই নিচ্ছে না বন দফতর। মিলছে না প্রয়োজনমতো ক্ষতিপূরণও। অবিলম্বে হাতির দলের গতিবিধি নিয়ন্ত্রণ করে ক্ষয়ক্ষতি কমানো এবং ক্ষতিগ্রস্থদের উপযুক্ত ক্ষতিপূরণের দাবিতে আজ সকাল থেকে বড়কুড়া গ্রামের কাছে বেলিয়াতোড় সোনামুখী রাস্তা অবরোধ করে বিক্ষোভে ফেটে পড়েন এলাকার ৩ থেকে ৪ টি গ্রামের বাসিন্দারা। বাসিন্দাদের ক্ষোভের মুখে পড়ে বন দফতরের আধিকারিকরা ক্ষতিপূরণ না দেওয়ার অভিযোগ অস্বীকার করেছে। তাঁদের আস্বাস ক্ষতিপূরণ কমাতে প্রয়োজনীয় পদক্ষেপ করা হচ্ছে।
