Weather: ” পুজোর আগে দুর্যোগ ! উত্তরবঙ্গে টানা ভারী বৃষ্টি , ঝড়বৃষ্টিতে ভিজবে কলকাতাও “

Published on: September 18, 2025

Join WhatsApp

Join Now

২৪ আওয়ার্স টিভি ডেস্ক : উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ— সর্বত্রই দুর্যোগপূর্ণ আবহাওয়ার ইঙ্গিত দিচ্ছে হাওয়া অফিস। পুজোর আগে এমন পরিস্থিতি নিঃসন্দেহে চিন্তার। আবহাওয়া দফতরের তথ্য অনুযায়ী, পূর্ব উত্তরপ্রদেশ এবং সংলগ্ন বিহারের উপর একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। সেই সঙ্গে বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে স্থলভাগে। এর জেরেই উত্তরের জেলাগুলিতে লাগাতার ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলছে।উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারের জন্য ইতিমধ্যেই কমলা সতর্কতা জারি করা হয়েছে।

বৃহস্পতিবার এই জেলাগুলিতে ভারী বৃষ্টি, অর্থাৎ ৭ থেকে ২০ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে বলে পূর্বাভাস। পাশাপাশি উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর ও মালদহেও বিক্ষিপ্ত ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্রবার বিশেষ করে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে।শুধু উত্তরবঙ্গই নয়, দক্ষিণবঙ্গেও ঝড়বৃষ্টি অব্যাহত থাকবে। বৃহস্পতিবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায় বিক্ষিপ্ত ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে বইতে পারে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগের ঝোড়ো হাওয়া। শুক্রবার ঝড়বৃষ্টি প্রভাব ফেলতে পারে দুই ২৪ পরগনা, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায়।

এই সব জেলায় হলুদ সতর্কতা জারি হয়েছে। শনিবার থেকে মঙ্গলবার পর্যন্তও দক্ষিণবঙ্গের কিছু কিছু জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টি চলতে পারে বলে ইঙ্গিত মিলেছে।এদিকে, আবহাওয়ার পরিবর্তনে কলকাতার তাপমাত্রাতেও উঠানামা চলছে। বৃহস্পতিবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ১.৪ ডিগ্রি বেশি। বুধবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ০.৬ ডিগ্রি কম।অতএব, পুজোর আর সপ্তাহদুয়েকও বাকি নেই, অথচ উত্তরবঙ্গে টানা ভারী বর্ষণ আর দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত ঝড়বৃষ্টি দুশ্চিন্তা বাড়াচ্ছে সাধারণ মানুষ থেকে শুরু করে পূজো উদ্যোক্তাদের মধ্যেও।