২৪ আওয়ার্স টিভি ডেস্ক: ক্রিকেটের ময়দানে ব্যাট হাতে একের পর এক চার-ছক্কায় প্রতিপক্ষকে দিশেহারা করতে দেখা গেছে এম এস ধোনি-কে। এবার ব্যাট নয়, হাতে বন্দুক নিয়ে বড় পর্দায় হাজির হচ্ছেন ‘ক্যাপ্টেন কুল’। সামনে এসেছে তাঁর ডেবিউ টিজার, যেখানে সুপারকপের ভূমিকায় দেখা গিয়েছে প্রাক্তন ভারত অধিনায়ককে।
৫৬ সেকেন্ডের এই টিজারে ধোনিকে কালো ট্যাকটিক্যাল গিয়ার, বুলেটপ্রুফ জ্যাকেট ও সানগ্লাস পরে টাস্কফোর্স অফিসারের চরিত্রে দেখা গেছে। সঙ্গে রয়েছেন আর মাধবন। ছবির নাম ‘দ্য চেজ’ (The Chase ), পরিচালক ভাসান বালা। এক গোপন মিশনে দুই অফিসারের অ্যাকশন-প্যাকড অভিযানের ঝলক ফুঁটিয়ে তোলা হয়েছে এই ছবিতে।
টিজারের ক্যাপশনে লেখা— “One Mission, Two Fighters”। মাধবনের চরিত্র হৃদয় দিয়ে ভাবে, আর ধোনি মস্তিষ্ক দিয়ে—এমন ইঙ্গিতও মিলেছে টিজারে। সিনেমা নাকি অন্য কোনও বিশেষ প্রজেক্ট, তা নিয়ে এখনও রহস্য থেকে গিয়েছে।
