MALDA : সরকারি দফতরে ঠিকাদারদের হাতে কাঠের বাটাম , কংগ্রেসের অভিযোগে তোলপাড়

Published on: September 9, 2025

Join WhatsApp

Join Now

২৪ আওয়ার্স টিভি ডেস্ক :  সরকারি দপ্তরে গুন্ডামির অভিযোগ, কংগ্রেস করার কারণে ঠিকাদারকে কাঠের বাটাম দিয়ে মার, কাঠগড়ায় তৃণমূল পরিচালিত পঞ্চায়েত সমিতির সভাপতির স্বামী এবং সহ-সভাপতি, আক্রান্ত ঠিকাদারকে নিয়ে ব্লক দপ্তরে ধর্ণা বিক্ষোভ কংগ্রেসের, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত পাল্টা দাবি সভাপতির স্বামীর, আক্রমণে বিজেপি, তুঙ্গে তরজা।পঞ্চায়েত সমিতিতে ঠিকাদারি নিয়ে সিন্ডিকেট রাজের অভিযোগ। সরকারি দপ্তরে গুন্ডামি তৃণমূলের নেতা জন-প্রতিনিধিদের। পঞ্চায়েত সমিতির ইঞ্জিনিয়ারিং বিভাগের ঘরে ঠিকাদার কে কাঠের বাটাম দিয়ে মার। কাঠগড়ায় পঞ্চায়েত সমিতির সভাপতির স্বামী তথা যুব তৃণমূলের ব্লক সভাপতি, পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি সহ তাদের দলবল। থানা এবং ব্লক দপ্তরে অভিযোগ দায়েরের পর বিডিও অফিসের সামনে ঠিকাদারদের নিয়ে ধর্ণা বিক্ষোভে কংগ্রেস। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার সভাপতির স্বামীর।

মালদার হরিশ্চন্দ্রপুর ২ নম্বর ব্লক পঞ্চায়েত সমিতির ঘটনায় শোরগোল।হরিশ্চন্দ্রপুরের তালবাংরুয়ার বাসিন্দা পেশায় ঠিকাদার মুখলেশুর রহমানের অভিযোগ পঞ্চায়েত সমিতির পঞ্চদশ অর্থবর্ষের কাজ অনলাইন টেন্ডারের মাধ্যমে তিনি পেয়েছেন।গতকাল অর্থাৎ সোমবার তিনি ব্লক দপ্তরে গেছিলেন ওয়ার্ক অর্ডার আনার জন্য।সেই সময় ইঞ্জিনিয়ারিং বিভাগে সমস্ত আধিকারিকদের বের করে তাকে বেধড়ক মারধর করে তৃণমূল পরিচালিত পঞ্চায়েত সমিতির সভাপতির স্বামী তথা হরিশ্চন্দ্রপুর ২ নম্বর ব্লক যুব তৃণমূলের সভাপতি মনিরুল ইসলাম,সহ সভাপতি স্বপন ঘোষ। প্রথমে কিল চড় লাথি। তারপর কাঠের বাটাম দিয়ে মার।পরবর্তীতে কোনক্রমে তিনি সেখান থেকে বেরিয়ে হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে চিকিৎসা করান।তারপর হরিশ্চন্দ্রপুর থানাতে অভিযোগ দায়ের করেন।

ওই ঠিকাদারের আরও অভিযোগ তৃণমূল সেখানে সিন্ডিকেট চালাচ্ছে। যেহেতু তিনি কংগ্রেস সমর্থক তাই তার উপর আক্রমণ। তিনি কেন টেন্ডার নেবেন এই নিয়েই আক্রোশ।এই প্রতিবাদে মঙ্গলবার বিকেলে হরিশ্চন্দ্রপুর ২ নম্বর ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিকের দপ্তরের সামনে আক্রান্ত ঠিকাদার এবং অন্যান্য ঠিকাদারদের নিয়ে ধর্ণা বিক্ষোভ করে কংগ্রেস। পরবর্তীতে বৃহত্তর আন্দোলনের হুশিয়ারি কংগ্রেসের। সাথে এদিন বিডিওর কাছেও একটি অভিযোগ দায়ের করা হয়। বিষয়টি তিনি জানেন না খতিয়ে দেখবেন বলে আশ্বাস দিয়েছেন বিডিও তাপস কুমার পাল। যদিও তৃণমূল নেতা মনিরুল ইসলাম সমস্ত অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন।তার পাল্টা অভিযোগ ঠিকাদার কংগ্রেসের সঙ্গে উদ্দেশ্য প্রণোদিত ভাবে তাদের কালিমালিপ্ত করছেন। এদিকে এই ঘটনা নিয়ে তৃণমূলকে তীব্র আক্রমণ করেছে বিজেপিও।শুরু হয়েছে রাজনৈতিক তরজা।