২৪ আওয়ার্স টিভি ডেস্ক : ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হলেন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল। বর্তমানে আনন্দপুরের একটি বেসরকারি হাসপাতালে তাঁর চিকিৎসা চলছে। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, তাঁকে আপাতত ৪৮ ঘণ্টা পর্যবেক্ষণে রাখা হবে। স্ট্রোক-পরবর্তী শারীরিক জটিলতা দেখা দিচ্ছে কিনা, চিকিৎসকেরা সেদিকে কড়া নজর রাখছেন।
তবে স্বস্তির খবর—অগ্নিমিত্রা পাল বর্তমানে স্বাভাবিকভাবে কথা বলতে পারছেন। শরীরের কোনও অঙ্গ বিকল হওয়া বা একদিক অবশ হয়ে যাওয়ার মতো লক্ষণ আপাতত দেখা যায়নি। চিকিৎসকেরা প্রয়োজনে তাঁকে এক সপ্তাহ পর্যন্ত হাসপাতালে রেখে বিস্তারিত পরীক্ষা-নিরীক্ষা চালাবেন। বর্তমানে তিনি নিউরো মেডিসিনের দুই বিশেষজ্ঞের তত্ত্বাবধানে রয়েছেন। জানা গিয়েছে, ভোররাতে অসুস্থ হয়ে পড়ায় পরিজনেরা দ্রুত তাঁকে হাসপাতালে নিয়ে আসেন।
উল্লেখ্য, এর মাত্র একদিন আগে বিধানসভায় প্রবল বিক্ষোভ হয়। টানা উত্তেজনার মধ্যে ৫ বিজেপি বিধায়ককে সাসপেন্ড করা হয়, যাঁদের মধ্যে ছিলেন অগ্নিমিত্রা পালও। সেদিন মার্শালের মাধ্যমে তাঁদের বাইরে বের করে দেওয়া হয়েছিল। ধস্তাধস্তির সময় বিজেপির মুখ্য সচেতক শঙ্কর ঘোষ আহত হন এবং তিনিও হাসপাতালে ভর্তি আছেন। যদিও শঙ্কর ঘোষের শারীরিক অবস্থা স্থিতিশীল এবং তাঁকে শুক্রবার বিকেল বা শনিবার সকালে ছাড়া হতে পারে বলে জানা যাচ্ছে।
