২৪ আওয়ার্স টিভি ডেস্ক : পুজোয় ক্লাব পিছু বরাদ্দ লক্ষ লক্ষ টাকা। কিন্তু আইসিডিএস কেন্দ্রে বরাদ্দ নেই। আইসিডিএস কেন্দ্রগুলিতে মাথাপিছু যে বরাদ্দ তা দিয়ে আর যাই হোক রান্না করা পুষ্টিকর খাবার দেওয়া কার্যত অসম্ভব। অগত্যা জেলা প্রশাসনের নির্দেশে বাঁকুড়ার আইসিডিএস কেন্দ্রগুলিতে ঝুড়ি পেতে খোদ উপভোক্তাদের কাছ থেকেই সংগ্রহ করা হচ্ছে সবজী। যাকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক তরজা।শিশু ও প্রসুতি মায়েদের অপুষ্টি দূরিকরণের জন্য রাজ্যের আইসিডিএস কেন্দ্রগুলি থেকে প্রতিদিন নিয়ম করে প্রসুতি মা ও শিশুদের রান্না করা পুষ্টিকর খাবার দেওয়ার নিয়ম। তার জন্য চাল, ডাল সরবরাহ করে রাজ্যের সরকার। জ্বালানী, সবজী ও ডিমের জন্য দেওয়া হয় নির্দিষ্ট অঙ্কের টাকাও। উত্তরোত্তর বাজারদর বৃদ্ধি পেলেও পাল্লা দিয়ে বাড়েনি সেই বরাদ্দ টাকার অঙ্ক। বর্তমানে আইসিডিএস কেন্দ্রের উপভোক্তা প্রসুতি মা ও শিশুদের জন্য মাথাপিছু বরাদ্দের অঙ্ক যা তা দিয়ে আর যাই হোক রান্না করা খাবার দেওয়া কার্যত দুস্কর। জানা গেছে আইসিডিএস কেন্দ্রগুলিতে দুধরনের খাবার দেওয়ার নিয়ম রয়েছে। দুধরনের খাবারের জন্য বরাদ্দ রয়েছে নির্দিষ্ট অঙ্কের টাকা।
খিঁচুড়ির দিনগুলিতে প্রসুতি মায়েদের জন্য বরাদ্দ মাথাপিছু ১ টাকা ৬৩ পয়সা। শিশুদের বরাদ্দ আরো কম । শিশুদের মাথাপিছু বরাদ্দ মাত্র ১ টাকা ০৯ পয়সা। যেদিনগুলিতে আইসিডিএস কেন্দ্রগুলিতে ভাত রান্না করার নিয়ম সেদিন শিশুদের খাবারের জন্য চাল বা ডাল বরাদ্দ থাকলেও জ্বালানি বা সবজীর জন্য কোনো বরাদ্দই নেই। ওই দিনগুলিতে প্রসুতি মায়েদের জন্য মাথাপিছু বরাদ্দ মাত্র ৮৪ পয়সা। সামান্য এই বরাদ্দে যেখানে জ্বালানির খরচ তোলাই কষ্টসাধ্য সেখানে কোনোদিন উপভোক্তাদের পাতে তুলে দেওয়ার নিয়ম রান্না করা ডিম আবার কোনোদিন সয়াবিন বা অন্যান্য পুষ্টিকর সবজী। সামান্য বরাদ্দে উপভোক্তাদের ওই পুষ্টিকর খাবার দিতে না পারায় আইসিডিএস কেন্দ্রগুলি শুরু করেছে নতুন পদ্ধতি। আইসিডিএস কেন্দ্রের সামনে সাত সকালেই একটি ঝুড়ি পেতে দিচ্ছেন আইসিডিএস কেন্দ্রের দিদিমনিরা।
সেই ঝুড়িতে উপভোক্তা প্রসুতি মা ও শিশুদের অভিভাবকদের সাধ্যমতো সবজী রেখে দেওয়ার অনুরোধ করা হচ্ছে। সংগৃহীত সেই সবজী দিয়েই কোনোমতে রান্না করা খাবার উপভোক্তাদের পাতে তুলে দিচ্ছেন আইসিডিএস কর্মীরা। আইসিডিএস কর্মীদের দাবি বাঁকুড়া জেলা প্রশাসনের নির্দেশে এবং তাঁদের সরবরাহ করা ঝুড়ি দিয়েই শুরু হয়েছে সবজী সংগ্রহের এই নতুন পদ্ধতি। আর যাকে নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। সরকারি তহবিল থেকে দুর্গাপুজোয় ক্লাবগুলিকে লক্ষ লক্ষ টাকা দিয়ে আইসিডিএস কেন্দ্রগুলিকে এভাবে সবজী সংগ্রহের পতগে ঠেলে দেওয়ার কড়া সমালোচনা করেছে বিরোধী দলগুলি। শাসক দল পাল্টা এই ঘটনার জন্য কাঠগোড়ায় তুলেছে কেন্দ্রকেই। কেন্দ্র প্রয়োজনীয় বরাদ্দ না দেওয়ার ফলেই আইসিডিএস কেন্দ্রগুলির এমন হাল দাবি তৃনমূলের।
