২৪ আওয়ার্স টিভি ডেস্ক : ফের মাওবাদী নামাঙ্কিত পোস্টার উদ্ধার হল বাঁকুড়ায়। স্বাধীনতা দিবসের সকালেই বাঁকুড়ার তালডাংরা থানার রুকনি খালের কাছে একটি বিদ্যুতের খুঁটিতে এই পোস্টার দেখতে পান স্থানীয়রা। সাদা কাগজে লাল কালিতে লেখা ওই পোস্টারে লেখা রয়েছে মাওবাদী নেতা কিষেনজি ও সিধুর মৃত্যুর বদলা চাই। ধৃত মাওবাদী নেতা প্রশান্ত বোস ও বিকাশের মুক্তির দাবিও জানানো হয়েছে পোস্টারে। পোস্টারে আদিবাসীদের নেতৃত্ব দেওয়ার পাশাপাশি ১৬ আগষ্ট বাংলা বন্ধের ডাক দেওয়া হয়েছে। বনধ না মানলে মৃত্যুদন্ড দেওয়ার হুমকিও দেওয়া হয়েছে। পোস্টারের প্রেস লাইনে লেখা রয়েছে সিপি আই মাওবাদী। বিষয়টি জানার পরই পুলিশ পোস্টারটি উদ্ধার করেছে। তবে এই পোস্টারের সঙ্গে মাওবাদীদের কোনো সম্পর্ক নেই বলেই মনে করছে জেলা পুলিশ। জেলা পুলিশের ধারণা স্থানীয় কেউ আতঙ্ক ছড়ানোর জন্য এই কাজ করে থাকতে পারে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
Bankura : স্বাধীনতা দিবসের সকালে মাওবাদী নামাঙ্কিত পোস্টার উদ্ধার বাঁকুড়ায়
Published on: August 17, 2025
