Bankura : সাংবাদিককে মারার হুমকি! হাতে ক্ষমতা বলে যথেচ্ছ?

Published on: August 9, 2025

Join WhatsApp

Join Now

২৪আওয়ার্স টিভি ডেস্ক( গার্গী ) :  গ্রাম পঞ্চায়েতের জায়গা দখল করে অবাধে তৈরী করছিলেন পাকা বাড়ি। হাজার হোক তৃনমূল নেতা। তাই সবকিছু দেখেশুনেও কার্যত চুপ করেছিল তৃনমূল পরিচালিত গ্রাম পঞ্চায়েত। তবে অভিযোগ পেতেই ঘুম ভেঙে তড়িঘড়ি ওই তৃনমূল নেতাকে কাজ বন্ধর নোটিশ দিয়েছে ভূমি সংস্কার দফতর। আর তাতেই বেজায় চটেছেন অভিযুক্ত তৃনমূল নেতা। প্রতিক্রিয়া চেয়ে টেলিফোন করতেই অদ্ভুত যুক্তি দেখালেন, দিলেন মারধরের হুমকিও। বাঁকুড়ার কোতুলপুর ব্লকের সিহড় এলাকার দাপুটে তৃনমূল নেতা রাজু সিংহর এমন কীর্তিতে আপাতত সরগরম বাঁকুড়ার রাজনৈতিক মহল। স্থানীয় ভাবে জানা গেছে বাঁকুড়ার কোতুলপুর ব্লকের মষিনাপুর মৌজায় স্থানীয় তৃনমূল পরিচালিত সিহড় গ্রাম পঞ্চায়েতের মালিকানাধীন জমি দখল করে সম্প্রতি পাকা বাড়ি তৈরীর কাজ শুরু করেন স্থানীয় দাপুটে তৃনমূল নেতা রাজু সিংহ। নবনির্মীত জয়রামবাটি স্টেশন যাওয়ার মোরাম রাস্তার ধারেই অবাধে চলতে থাকে নির্মাণকাজ। বিষয়টি গ্রাম পঞ্চায়েতের নজরে এলেও পঞ্চায়েত কোনোরকম বাধা দেয়নি বলে অভিযোগ স্থানীয়দের । এদিকে এই ঘটনা নজরে আসতেই অভিযোগ দায়ের হয় কোতুলপুর ব্লক ভূমি সংস্কার দফতরে। এরপরই নড়েচড়ে বসে ভূমি সংস্কার দফতর। সরকারি জমি জবরদখল করে বাড়ি তৈরী ঠেকাতে তড়িঘড়ি ওই তৃনমূল নেতাকে নির্মাণ কাজ বন্ধের নির্দেশ দিয়ে নোটিশ পাঠায় ভূমি সংস্কার দফতর। আর এতেই ক্ষেপে ওঠেন ওই তৃনমূল নেতা। কেন তিনি সরকারি জমি দখল করে বাড়ি করছিলেন সে ব্যাপারে প্রতিক্রিয়া চেয়ে টেলিফোন করতেই রাজু সিংহর অদ্ভূত যুক্তি, তাঁর দাবি তিনি চুরিও করেননি, ডাকাতিও করেননি। তৃনমূলে তাঁর পরিবারের অনেক অবদান থাকায় পঞ্চায়েত থেকে ওই জায়গা তাঁদের দেওয়া হয়েছে। এরপরই মারধরের হুমকি দিতে শুরু করেন ওই তৃনমূল নেতা। আদৌ কী গ্রাম পঞ্চায়েতের তরফে ওই জায়গা দেওয়া হয়েছিল রাজু সিংহকে? বিষয়টি নিয়ে মুখ খুলতে চায়নি স্থানীয় সিহড় গ্রাম পঞ্চায়েতের কর্মকর্তারা। তৃনমূলের বিষ্ণুপুর সাংগঠনিক জেলা নেতৃত্বের দাবি ঘটনার কথা তাঁরা শুনেছেন। দল এই ধরনের কাজকে সমর্থন করে না। আইন আইনের পথে চলবে। প্রশাসন প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে। বিজেপি এই ঘটনার জন্য কাঠগোড়ায় তুলেছে রাজ্যের শাসক দলের নীতিকেই। বিজেপির কটাক্ষ তৃনমূল নেতা সরকারি সম্পত্তি লুটেপুটে খাবে এ আর নতুন কী?