Kotulpur : লোকালয়ের মধ্যে জুতোর গোডাউনে ফের আগুন, আতঙ্কে কোতুলপুরের বাসিন্দারা

Published on: September 10, 2025

Join WhatsApp

Join Now

২৪ আওয়ার্স টিভি ডেস্ক : বাঁকুড়ার কোতুলপুর থানার নেতাজীমোড় সংলগ্ন বিবেকানন্দ পল্লীতে ফের আগুন লাগল একটি জুতোর গোডাউনে। গত ২১ জানুয়ারি ২০২৫-এ একই গোডাউনে ভয়ঙ্কর আগুন লেগে প্রায় ১০ ঘন্টা ধরে ৩টি দমকলের ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনে। আর সেই ঘটনার মাত্র কয়েক মাসের মধ্যেই ফের একই জায়গায় আগুন জ্বলতে দেখা যায়।স্থানীয় বাসিন্দারা আতঙ্কিত হয়ে পড়েছেন। তাদের অভিযোগ, লোকালয়ের মধ্যেই অনুমোদনবিহীন এই কমার্শিয়াল বিল্ডিংয়ে বহুদিন ধরেই চলছে জুতোর গোডাউনের ব্যবসা। অথচ এই ব্যবসার জন্য না আছে ফায়ার ব্রিগেডের অনুমতি, না আছে প্রশাসনিক ছাড়পত্র। ফলে প্রতিদিনই ভয়াবহ বিপদের মুখে বসবাস করছেন আশেপাশের সাধারণ মানুষ।

বাসিন্দাদের দাবি, আগের আগুন লাগার পর থেকেই তারা স্থানীয় পুলিশ প্রশাসন ও অন্যান্য কর্তৃপক্ষকে বারবার অভিযোগ জানিয়েছিলেন। কিন্তু প্রশাসনের ভূমিকা চোখে পড়েনি। উল্টে অনুমোদনহীন এই গোডাউন “রমরমিয়ে চলছে” বলেই ক্ষোভ উগড়ে দেন তারা।আজকের ঘটনায় ঘটনাস্থলে তদন্তে আসে কোতুলপুর থানার পুলিশ। পুলিশ গোডাউনের মালিকের ছেলেকে আটক করে।প্রশ্ন উঠছে, লোকালয়ের মধ্যে কিভাবে অনুমতিহীন কমার্শিয়াল বিল্ডিং তৈরি হয় ? ফায়ার ব্রিগেডের অনুমোদন ছাড়াই কিভাবে এতদিন ধরে ব্যবসা চলছে ? প্রশাসন বারবার অভিযোগ পেয়েও কেন নীরব দর্শকের ভূমিকা নিল ?ফলে ফের সামনে এল প্রশাসনিক উদাসীনতা ও অবৈধ ব্যবসার চিত্র। আতঙ্কে দিন কাটাচ্ছেন কোতুলপুরের সাধারণ মানুষ।