নাগরিকত্ব নয়, পরিচয়পত্র হিসেবেই গ্রহণযোগ্য আধার, নির্দেশ সুপ্রিম কোর্টের

Published on: September 8, 2025

Join WhatsApp

Join Now

২৪ আওয়ার্স টিভি ডেস্ক : বিহারে ভোটার তালিকা সমীক্ষার বিশেষ ও নিবিড় প্রক্রিয়া সম্পন্ন হলেও, সুপ্রিম কোর্ট স্পষ্ট করে দিয়েছে—এই কাজ ভবিষ্যতে গোটা দেশেই হবে। তাই নির্বাচন কমিশনের জন্য আগাম নীতিমালা তৈরি করল দেশের শীর্ষ আদালত। এবার থেকে আর ১১ নয়, ভোটার সমীক্ষা (SIR)–এ গ্রহণযোগ্য নথির তালিকায় যুক্ত হল ১২তম নথি— আধার কার্ড।

সোমবার বিচারপতি সূর্যকান্ত ও বিচারপতি জয়মাল্য বাগচীর বেঞ্চে এই শুনানির সময় ফের উঠল আধার প্রসঙ্গ। এর আগে আধারকে গুরুত্ব দেওয়ার পরামর্শ দিলেও, এবার সেটি পরিণত হল আদালতের সরাসরি নির্দেশে। অর্থাৎ কমিশনকে বাধ্যতামূলকভাবে আধার কার্ডকে ভোটার সমীক্ষায় ১২ নম্বর নথি হিসেবে স্বীকৃতি দিতে হবে।

তবে শুনানির শুরু থেকেই নির্বাচন কমিশন স্পষ্ট করে জানিয়েছিল, নাগরিকত্ব প্রমাণের নথি হিসেবে আধারকে গ্রহণ করতে তারা রাজি নয়। আদালতও এদিন জানায়, আধার কার্ড নাগরিকত্ব প্রমাণের কাগজ নয়। কিন্তু জনপ্রতিনিধিত্ব আইনের ২৩(৪) ধারা অনুযায়ী এটি একটি গুরুত্বপূর্ণ পরিচয়পত্র। তাই ভোটার তালিকার সমীক্ষায় আধারকে অন্তর্ভুক্ত করতেই হবে।

এছাড়া মাঠ পর্যায়ে সমীক্ষা চালানো কমিশনের কর্মীদেরও সতর্ক করেছে সুপ্রিম কোর্ট। নির্দেশ দেওয়া হয়েছে, আধার কার্ড পরিচয়পত্র হিসেবে গ্রহণের আগে অবশ্যই সেটির বৈধতা যাচাই করতে হবে।