AC Local : কমফোর্টে ভরপুর যাত্রা, ৫ সেপ্টেম্বর থেকে শিয়ালদায় বাড়ছে এসি লোকালের সংখ্যা !

Published on: September 2, 2025

Join WhatsApp

Join Now

২৪ আওয়ার্স টিভি ডেস্ক :  শিয়ালদহ–বনগাঁ–রানাঘাট ও শিয়ালদহ–কৃষ্ণনগর রুটে নতুন দুইটি এসি লোকাল ট্রেন চালু হবে ৫ই সেপ্টেম্বর, ২০২৫ থেকে। ইস্টার্ন রেলওয়ের শিয়ালদহ বিভাগ সিদ্ধান্ত নিয়েছে যে আগামী ৫ই সেপ্টেম্বর, ২০২৫ থেকে শিয়ালদহ–বনগাঁ–রানাঘাট এবং শিয়ালদহ–কৃষ্ণনগর রুটে দুটি নতুন এয়ার-কন্ডিশন্ড (এসি) লোকাল ট্রেন পরিষেবা চালু করা হবে। দৈনন্দিন যাত্রী ও দূরপাল্লার ভ্রমণকারীদের জন্য আরও আরামদায়ক, প্রিমিয়াম ও কার্যকর ভ্রমণ অভিজ্ঞতা নিশ্চিত করতে এই পরিষেবা চালু হচ্ছে। পরিষেবাগুলি সপ্তাহে ছয় দিন চলবে (রবিবার বাদে)।

নতুন রানাঘাট–বনগাঁ–শিয়ালদহ এসি লোকাল সকাল ০৭:১১ মিনিটে রানাঘাট থেকে ছাড়বে, সকাল ০৭:৫২মিনিটে বনগাঁ পৌঁছাবে এবং সকাল ০৯:৩৭মিনিটে শিয়ালদহে পৌঁছাবে। ফেরার পথে ট্রেনটি শিয়ালদহ থেকে সন্ধ্যা ১৮:১৪মিনিটে ছাড়বে, রাত ২০:০৪ মিনিটে বনগাঁ পৌঁছাবে এবং রাত ২০:৪১মিনিটে রানাঘাটে পৌঁছে যাবে।এই রানাঘাট–বনগাঁ–শিয়ালদহ এসি লোকাল বিশেষভাবে বিমানযাত্রীদের জন্য উপকারী হবে। যাত্রীরা এখন দমদম ক্যান্টনমেন্ট স্টেশন-এ নামতে পারবেন, যা নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরের একেবারে নিকটে অবস্থিত।

এর ফলে শিয়ালদহ পর্যন্ত যাওয়ার ঝক্কি এড়ানো যাবে এবং সময়ও অনেকটা বাঁচবে।এছাড়াও, নতুন শিয়ালদহ–কৃষ্ণনগর এসি ইএমইউ পরিষেবা শিয়ালদহ থেকে সকাল ০৯:৪৮ মিনিটে ছাড়বে এবং দুপুর ১২:০৭ মিনিটে কৃষ্ণনগরে পৌঁছাবে। ফেরার পথে কৃষ্ণনগর থেকে দুপুর ১৩:৩০মিনিট ছেড়ে বিকেল ১৫:৪০ মিনিটে  শিয়ালদহে পৌঁছাবে।এই শিয়ালদহ–কৃষ্ণনগর এসি ইএমইউ পরিষেবা বিশেষ করে মায়াপুরের ইস্কন মন্দির দর্শন করতে আসা ভক্ত ও পর্যটকদের জন্য অত্যন্ত সুবিধাজনক হবে। গরম ও আর্দ্র আবহাওয়ায় আরামদায়ক এসি যাত্রা তীর্থযাত্রাকে আরও মনোরম করে তুলবে।এই নতুন পরিষেবাগুলির মাধ্যমে যাত্রীদের যাতায়াতের সুবিধা বৃদ্ধি পাবে, ভ্রমণের সময়ও কম লাগবে এবং যাত্রীরা ব্যস্ততম রুটে একটি প্রিমিয়াম অভিজ্ঞতা উপভোগ করতে পারবেন।