২৪ আওয়ার্স টিভি ডেস্ক : শেষ মুহূর্তে পার্লারে ছুটছেন ফেসিয়াল বা অন্য কোনও ইনটেনসিভ ট্রিটমেন্টের জন্য? পুজোর ঢাকের শব্দ কানে আসছে, শহর জুড়ে প্যান্ডেল হপিং-এর প্রস্তুতি চলছে আর আপনি চাইছেন এক ঝলকেই সবার চোখে পড়ুক আপনার সতেজ উজ্জ্বল মুখ! কিন্তু যদি ভেবে থাকেন ষষ্ঠীর ঠিক আগেই ফেসিয়াল করালে আপনি ঝলমলে ত্বক পাবেন, তবে আপনি মারাত্মক ভুল করছেন!
বিশেষজ্ঞরা স্পষ্ট জানাচ্ছেন— উৎসবের একদম আগে ত্বকের উপর ইনটেনসিভ কেয়ার বা অতিরিক্ত চাপ দিলে হিতে বিপরীত হতে পারে। পুজোর দিনে উজ্জ্বল মুখের বদলে উল্টো আপনার ত্বকের “বারোটা বাজতে” পারে! কারণ ফেসিয়াল বা ইনটেনসিভ ট্রিটমেন্ট (যেমন— মাইক্রোডার্মাব্রেশন, কেমিক্যাল পিল ইত্যাদি) ত্বকের কোষকে দ্রুত রিনিউ করতে বাধ্য করে। এতে সাময়িকভাবে একাধিক পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দেওয়ার সম্ভাবনা থাকে। যেমন—
১. ব্রেকআউট বা র্যাশ: ফেসিয়ালের পর গভীর স্তর থেকে ময়লা ও টক্সিন বেরিয়ে আসে। এর ফলে ফেসিয়ালের ঠিক ২৪–৪৮ ঘণ্টার মধ্যেই মুখে ছোট ছোট ব্রণ বা র্যাশ দেখা দিতে পারে। অথচ এই সময়টাই আপনার সবচেয়ে বেশি সাজগোজের দরকার!
২. লালচে ভাব ও সংবেদনশীলতা: ফেস ম্যাসাজ, স্ক্রাবিং বা কেমিক্যালের কারণে ত্বক অস্থায়ীভাবে লালচে হয়ে যায় এবং অতিরিক্ত সংবেদনশীল হয়। এই অবস্থায় মেকআপ ব্যবহার করলে পোরস ব্লক হয়ে অ্যালার্জির ঝুঁকি বেড়ে যায়।
৩. গ্লো আসতে সময় লাগে: আসল উজ্জ্বলতা ফেসিয়ালের পর সঙ্গে সঙ্গে আসে না। প্রাকৃতিক গ্লো ফুটে উঠতে সাধারণত লাগে অন্তত ৩–৪ দিন। তাই শেষ মুহূর্তে ফেসিয়াল করলে পুজোর দিন আপনার মুখ উজ্জ্বল নাও দেখাতে পারে।
তাহলে প্রশ্ন হলো— শেষ মুহূর্তে কী করবেন?
চিন্তা নেই! যদি হাতে একেবারেই সময় না থাকে, তাহলে ইনটেনসিভ ফেসিয়াল বা কেমিক্যাল পিল বাদ দিয়ে হালকা ও মৃদু স্কিনকেয়ার বেছে নিন। এতে ত্বক যেমন নিরাপদ থাকবে, তেমনই আসবে ইনস্ট্যান্ট ফ্রেশ লুক।
শেষ মুহূর্তে ত্বকের যত্নে করণীয়:
১. হাইড্রেটিং ফেস মাস্ক: উৎসবের আগের রাতে ব্যবহার করুন একটি হাইড্রেশন-বেসড শিট মাস্ক। এটি দ্রুত ত্বকে আর্দ্রতা যোগাবে, ত্বককে সতেজ ও নরম করে তুলবে।
২. মৃদু স্ক্রাবিং: খুব হালকা হাতে একটি এনজাইমযুক্ত স্ক্রাব ব্যবহার করে নিন। এটি শুধু ওপরে জমে থাকা মৃত কোষ দূর করবে, ফলে মুখ হয়ে উঠবে উজ্জ্বল। তবে জোরে ঘষাঘষি করবেন না।
৩. ভিটামিন সি সিরাম: রাতে মুখ ভালোভাবে পরিষ্কার করে কয়েক ফোঁটা ভিটামিন সি সিরাম লাগান। এটি রাতারাতি ত্বকের উজ্জ্বলতা বাড়াতে ও টোন সমান করতে সাহায্য করবে।
৪. ঠান্ডা জল থেরাপি: সকালে ঘুম থেকে উঠে ঠান্ডা জল দিয়ে মুখে ঝাপটা দিন। এটি চোখের ফোলাভাব কমায়, ত্বক টানটান করে এবং রক্ত সঞ্চালন বাড়িয়ে দেয়—ফল, স্বাভাবিক গ্লো।
৫.পুজো মানেই সারারাত ঘোরা, খাওয়া-দাওয়া আর নিরন্তর আনন্দ। তাই নিজের ত্বককে সুস্থ রাখার কেয়ার শুরু হোক আজই। বড় কোনো এক্সপেরিমেন্ট নয়, বরং সহজ ও হালকা রুটিনই এনে দেবে আপনাকে কাঙ্ক্ষিত ইনস্ট্যান্ট ফেস্টিভ গ্লো।
